গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। তবে সেই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে দলীয় নেতারা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে আগামী ৭ মে কালিয়াকৈরের সাতটি ইউপিতে ভোট নেওয়া হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। তবে চারটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ ওই পাঁচজনকে দল থেকে বহিষ্কার করে। বিদ্রোহী প্রার্থীরা হলেন আটাবহ ইউপির আলাউদ্দিন মোল্লা ও সঞ্জয় সাহা বাপ্পী, ঢালজোড়ার মো. ইছামুদ্দিন, চাপাইর ইউপির সাইফুজ্জামান সেতু ও ফুলবাড়িয়ার আবদুর রাজ্জাক।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হলেও তাঁদের পক্ষে উপজেলা কমিটির পদে থাকা নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে দলীয় প্রার্থীর প্রচারণায় ব্যাঘাত ঘটছে।
দলীয় সূত্র জানায়, চাপাইর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী লায়ন মো. আহসান হাবিব। এখানে বিদ্রোহী প্রার্থী সাইফুজ্জামানের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহদত হোসেন, মো. সোলায়মান প্রচারণা চালাচ্ছেন। সাইফুজ্জামান বলেন, তাঁর বাবা চাপাইর ইউপির চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তাঁর (সাইফুজ্জামান) ছোট ভাই বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান। এবার ষড়যন্ত্র করে তাঁকে (সাইফুজ্জামান) দলীয় মনোনয়ন না দিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছে। এলাকার মানুষের কারণেই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন।
ফুলবাড়িয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাকিম। এখানে বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাকের পক্ষে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সামাদ আজাদ, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম, ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হুমায়ুন কবীর, ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফজলুল হকসহ আরও কয়েকজন নেতা। সামাদ আজাদ বলেন, ‘আমরা রাজ্জাককে চেয়েছিলাম। তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তবু তাঁর পক্ষে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’
ঢালজোড়া ইউপিতে দলীয় প্রার্থী আবদুর রাজ্জাক। বিদ্রোহী প্রার্থী মো. ইছামুদ্দিনের পক্ষে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আরফান আলী, ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ কয়েকজন নেতা প্রচারণা চালাচ্ছেন।
আটাবহ ইউপিতে দলীয় প্রার্থী এম এ আলীম। বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লার পক্ষে কাজ করছেন তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল মোল্লা ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইব্রাহীম, সাবেক সভাপতি ইসমাইল মৃধা। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অজিত কুমার সাহার ছেলে সঞ্জয় কুমার সাহা বাপ্পী বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাই বাবা দলের সিদ্ধান্ত না মেনে ছেলের পক্ষে কাজ করছেন।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহদত হোসেন বলেন, চাপাইর ইউপিতে আওয়ামী লীগের যোগ্য প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান। কিন্তু সেখানে প্রার্থী দেওয়া হয়েছে একজন অযোগ্য প্রার্থীকে, যিনি কখনো নির্বাচনে জয়ী হবেন না।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, অনেক নেতাকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের কেউ কেউ জবাবও দিয়েছেন। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে। যাঁরা সংগঠনের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহীদের পক্ষে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।