নওগাঁর বদলগাছি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁদের অনেকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। তাঁদের ভাষ্য, তৃণমূলের নেতা-কর্মীরা চাইলেও কেন্দ্র তাঁদের বঞ্চিত করেছে। এ অবস্থায় নেতা-কর্মীদের কাছে তাঁরাই দলীয় প্রার্থী।
এদিকে আটটি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগেরও বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে আওয়ামী লীগ ইতিমধ্যে তাঁদের দল থেকে বহিষ্কার করেছে।
বদলগাছির আট ইউনিয়নে আগামী ৪ জুন ভোট হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলো হলো বদলগাছি সদর, বালুভরা, কোলা, বিলাশবাড়ি, মথুরাপুর, পাহাড়পুর, মিঠাপুর ও আধাইপুর। এর মধ্যে বালুভরা, মথুরাপুর ও পাহাড়পুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
বিএনপি সূত্রে জানা যায়, বদলগাছি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী সবুর চৌধুরী। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলটির নেতা মোজাফ্ফর হোসেন। কোলায় বিএনপির প্রার্থী গোলাম রব্বানী মুকুল। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইফতেখার আহাম্মেদ। বিলাশবাড়িতে বিএনপির প্রার্থী সাজ্জাক হোসেন। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। মিঠাপুরে বিএনপির প্রার্থী মীর মহীউদ্দিন আলমগীর। এখানে বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক। আধাইপুরে বিএনপির প্রার্থী ওসমান আলী। এখানে বিদ্রোহী হিসেবে হয়েছেন জাকির হোসেন চৌধুরী।
দলীয় নেতা-কর্মীদের ভাষ্য, তৃণমূলের মতামতের ভিত্তিতে আটটি ইউনিয়নে দলীয় সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়েছিল উপজেলা ও জেলা বিএনপি। কিন্তু তাদের সুপারিশ পাশ কাটিয়ে পাঁচ ইউনিয়নে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর পছন্দের ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের পছন্দের পাঁচ প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এখন প্রচারণার মাঠে তাঁরা দলের পছন্দের প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে বিপাকে পড়ছেন দলীয় প্রার্থীরা।
মিঠাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মহীউদ্দীন আলমগীর বলেন, এই ইউনিয়নে তিনিই বিএনপির দলীয় প্রার্থী। অথচ স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, ‘আমি ধানের শীষ প্রতীক না পেয়ে ঘোড়া প্রতীকে নির্বাচন করছি। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা দলীয় প্রার্থী হিসেবে আমাকেই বেছে নিয়েছেন।’
বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে আটটি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছিল। কিন্তু পাঁচটি ইউনিয়নে তাঁদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তৃণমূলের পছন্দের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়ছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বদলগাছি সদর ইউপির আবদুস ছালাম, কোলা ইউপির এসকেন্দার মির্জা ও পাহাড়পুর ইউপির তোফাজ্জল হোসেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।