বিনা দরপত্রে ১৫ সেতুর কাজ আ.লীগ ঠিকাদারদের বণ্টন!
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩০টি সেতু নির্মাণের কাজ চলছে। এর ১৫টির কাজ বিনা দরপত্রে আওয়ামী লীগের ঠিকাদারদের দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ অনিয়মের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার প্রথম আলোকে বলেন, গত ৬ এপ্রিল ১৫টি সেতুর কাজের দরপত্র আহ্বান করে ওই দিনই লটারির মাধ্যমে ঠিকাদারদের নিয়োগ দেওয়া হয়। একই দিন ‘অনৈতিক সুবিধা’ নিয়ে গোপনে আরও ১৫টি সেতুর কাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন ঠিকাদারকে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়।
গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার রাম লক্ষ্মণ গ্রামে আবদুর রব গাজীর বাড়ির পাশে পানির মধ্যে সেতুর পিলারের ঢালাইয়ের কাজ চলছে। সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কোনো প্রতিনিধি নেই। শ্রমিকেরা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিরাজ কাজটি করাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান সিরাজ বলেন, সঠিক নিয়মেই তাঁরা সেতুর কাজ পেয়েছেন। উন্নত মানের সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণ করা হচ্ছে।
এর আগে কেশবপুর ইউনিয়নের তালতলি বাজারের পূর্বপাশে দেখা যায়, একটি সেতু নির্মিত হচ্ছে। অতিরিক্ত পানি থাকায় শ্রমিকেরা বিশ্রাম নিচ্ছেন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সেতুটির নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। জানতে চাইলে শ্রমিকেরা বলেন, স্থানীয় কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ওরফে শামীম মুন্সি সেতুর কাজটি করাচ্ছেন। পরে তিনি বলেন, সঠিক নিয়মেই তিনি সেতুর কাজ পেয়েছেন। সঠিকভাবেই নির্মাণকাজ করছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থবছরে গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। ৩ কোটি ২১ লাখ ৫০ হাজার ৩০০ টাকা ব্যয়ে ১৫টি সেতুর কাজের দরপত্র আহ্বান করে ৬ এপ্রিল পিআইওর কার্যালয়ে লটারি হয়। এই ১৫টি সেতু নির্মাণের ব্যয়সহ নামের তালিকা নোটিশ বোর্ডে টাঙানো ছিল। কিন্তু একই দিন বিনা লটারিতে আরও ১৫টি সেতুর কাজ আওয়ামী লীগের নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়ার অভিযোগ ওঠে। ওই তালিকা নোটিশ বোর্ডে ছিল না। পিআইও তাঁর কার্যালয়ে ছিলেন না। ওই দিন মুঠোফোনে জানতে চাইলে পিআইও এস এম দোলোয়র হোসেন বলেন, ১৫টি সেতুর লটারি হচ্ছে। গোপনে নাকি আরও ১৫টি সেতুর দরপত্র দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া খবর।
১৯ জুন বেলা ১১টার দিকে পিআইওর কার্যালয়ে গিয়ে আবার জানতে চাইলে তিনি বলেন, ৩০টি সেতুর কাজ হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেদিনও ৩০টি সেতুর কথাই বলেছিলাম। আপনি ভুল শুনেছেন।’ এ সময় সেতুর নির্মাণকাজের কার্যাদেশসহ তালিকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। শুধু বলেন, ৩০টি সেতু নির্মিত হচ্ছে, যা প্রায় শেষ পর্যায়ে।
পিআইও বলেন, সেতুগুলোর নির্মাণকাজের টেন্ডারে অনিয়ম বা দুর্নীতি হয়নি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু সম্পন্ন হয়েছে।
রাতের বেলা ও পিআইও কার্যালয়ের প্রতিনিধির অনুপস্থিতিতে ঢালাই প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, অন্য এলাকায়ও রাতের বেলা ঢালাই হয়। আর জনবল কম থাকায় সব সময় উপস্থিত থাকা সম্ভব হয় না।