২৩ বছর পর গতকাল শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়ালকে সভাপতি, আনোয়ার হোসেনকে জ্যেষ্ঠ সহসভাপতি ও এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে আউয়াল সাধারণ সম্পাদক ছিলেন। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন।
স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সম্মেলনে শিল্পমন্ত্রী নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথের সব বাধা দুর্জয় গতিতে অপসারণ করে এগিয়ে চলেছেন। নেত্রীর (প্রধানমন্ত্রী) অর্জন তোমাদের নেতিবাচক কর্মকাণ্ডে যেন প্রশ্নবিদ্ধ না হয়।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘১৬ কোটি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পর উদ্বৃত্ত চাল এখন বিদেশে রপ্তানি করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।
আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া ও তারেক শত চেষ্টা করেও বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারেনি। সমগ্র বিশ্ব আজ বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে।’ এ সময় মন্ত্রী পিরোজপুরকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাকিম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংসদ এ কে এম এ আউয়াল প্রমুখ।
১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়।