বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান শাহ। প্রত্যাহারের শেষ দিন গত বুধবার বিকেলে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মৃণাল রায় মনোনয়নপত্র প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তৃতীয় দফায় ওই ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কথা হয় ওই ইউপি সদস্য মান্নানের সঙ্গে। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আরও পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আমি প্রার্থী হতে চাইলে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তবে মৃণাল রায় মনোনয়নপত্র দাখিল করেন। তিনি মনোনয়নপত্র দাখিলের পর বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে আমার জনসমর্থন দেখে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে আমি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সাত বছর দায়িত্ব পালন করি। পরের নির্বাচনে আর অংশ নিইনি। এবার এলাকার সবার অনুরোধে নির্বাচনে অংশ নিতে হয়েছে।’ এ বিষয়ে মৃণাল রায় বলেন, ‘মান্নান আমার বিয়াই। মনোনয়নপত্র দাখিলের পর এলাকা ঘুরে দেখেছি, মান্নানের জনসমর্থন বেশি। সে কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
মান্নানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এন এম শরীফুল ইসলাম।