বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আমাদের কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা হতেই পারে। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে গত সাত বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।’
গতকাল রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ইউপির দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। প্রসঙ্গত, প্রথম ধাপের ৭৩৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫১টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ মার্চ। সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ৬৭২টি ইউপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পরে দলীয় মনোনয়নপত্র প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া আগামী ৮ মার্চের মধ্যে সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপের প্রার্থীদের তালিকা পাঠাতে তৃণমূল কমিটিতে নির্দেশ দেওয়া হয়।
হানিফ বলেন, গত পৌর নির্বাচনে যাঁরা বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাঁদের বহিষ্কার ও শোকজ করা হয়েছে।