বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া বেসরকারিভাবে ইমতিয়াজ বিন মুসাকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, ‘শুধু মেয়র পদে উপনির্বাচন হওয়ার কথা। আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী ছাড়া এই পদে আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। এর মধ্যে ভুল তথ্য দেওয়ায় বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর আমাদের হাতে একটি মাত্র বৈধ মনোনয়নপত্র ছিল। মঙ্গলবার ছিল প্রত্যাহারের শেষ দিন। যেহেতু আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, সেহেতু বিধি অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।’
বিজয়ী ঘোষণা করার কথা জেনে ইমতিয়াজ বিন মুসা বলেন, অবকাঠামো ও মানবিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে তিনি পৌর পরিষদ পরিচালনা করবেন। বিশেষ করে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার এই পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে যা করা দরকার তা-ই করার চেষ্টা করা হবে। পৌরবাসী সবার মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণার কথা জেনে নির্বাচন থেকে সরে যাওয়া বিএনপির প্রার্থী মো. কামাল হোসেন বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ভোটভীতি কাজ করছে। কুলিয়ারচরের বেলায়ও একই ঘটনা খেয়াল করেছি।’ মূলত এ দিনটির জন্যই ষড়যন্ত্র করে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে কামাল হোসেনের অভিযোগ।
এর আগে হলফনামার শিক্ষাগত যোগ্যতার ছকে স্বশিক্ষিত উল্লেখ করেছিলেন তিনি। তথ্যটি ভুল দেওয়ার অভিযোগে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এ অবস্থায় গত রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন বিএনপির প্রার্থী কামাল হোসেন।
মেয়র আবুল হাসান হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল মারা গেলে পদটি শূন্য হয়। ৪ আগস্ট মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। জয়ী প্রার্থী ইমতিয়াজ বিন মুসা প্রয়াত মেয়র আবুল হাসানের ভাতিজা।