বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপিতে চেয়ারম্যান নজিরবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যা ঘটছে, তা গণতন্ত্র বিকাশের জন্য সহায়ক নয়’ বলে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ইউপি নির্বাচনে প্রতি ইউনিয়নে গড়ে সাত-আটজন প্রার্থী থাকেন। সেখানে এবার অনেক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটা নজিরবিহীন।
গতকাল শনিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বনানীর কার্যালয়ে এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার অন্যতম স্তম্ভ জাতীয়তাবাদ আজ বহুধা বিভক্ত। গণতন্ত্র নামে থাকলেও বাস্তবে তার অস্তিত্ব বিপন্ন।
জাপার চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন দেশে আমরা চেয়েছিলাম সবার জীবনের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা, মানুষের কর্মসংস্থান। কিন্তু এখন হত্যা, খুন, গুম নিত্যদিনের ঘটনা। নারী হত্যা, শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। বিদেশে শ্রমবাজার কমে যাচ্ছে। দেশেও কোনো বিনিয়োগ নেই। এই অবস্থায় দেশ চলতে পারে না।’ তিনি সব জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বার্থে জাতীয় পার্টিতেই সমবেত হওয়ার আহ্বান জানান।
জাপার নেতা এ এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরদার প্রমুখ।