বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত খালেদা ও তারেক
বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তাঁর ছেলে তারেক রহমান আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তফসিলে ১৯ মার্চ দলের কাউন্সিলের দিন ভোট হওয়ার সময় ধার্য থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের দুজনকে গতকাল রোববার বিকেলে নির্বাচিত ঘোষণা করা হয়। এই দুই পদে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তবে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে দলের জাতীয় কাউন্সিলে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ১৯৮৪ সাল থেকে দলটির চেয়ারপারসনের দায়িত্বে আছেন। ছয় বছর আগে ২০০৯ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ তৈরি করে তাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয়।