ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৬টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এর মধ্যে শুধু বাগেরহাট জেলায় ৩৪টি ইউনিয়নে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী নেই। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে গতকাল বুধবার এ চিত্র পাওয়া গেছে।
এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন চার জেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের মনোনীত। প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে ২২ মার্চ ভোট হবে। দ্বিতীয় ধাপে ভোট ৩১ মার্চ ৬৮০টি ইউপিতে। এবারই প্রথম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় ভিত্তিতে ভোট হতে চলেছে। তবে মেম্বার পদে আগের মতো নির্দলীয় নির্বাচন হবে।
প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধিদের পাঠানো খবরে বলা হয়, বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট উপজেলার ১৩টি ইউনিয়ন, বাগেরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন, কচুয়ার চারটি, রামপালের দুটি, মোরেলগঞ্জের তিনটি, ফকিরহাট উপজেলার দুটি ও মংলার একটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আরও সাতটি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষিত হয়। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের লোকেরা বিএনপির প্রার্থীদের ভয়ভীতি ও বাধা দেওয়ায় ১৯ ইউনিয়নে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। গত কয়েক দিনে অব্যাহত হুমকি ও চাপের মুখে আরও কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেন, বিএনপির নেতার এসব অভিযোগ ভিত্তিহীন। বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণে সব ইউনিয়নে প্রার্থী দিতে পারেনি। এখন তারা ব্যর্থতার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, আওয়ামী লীগ ৭৪টির সব কটি ইউনিয়নে এবং বিএনপি ৪২টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছিল। মোট ৩৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাহাড়িয়াকান্দি ও ছয়ফুল্লাকান্দি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী, বর্নি ও পাটগাতী এবং ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলেন, কাল (আজ বৃহস্পতিবার) তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।
দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর গতকাল গোপালগঞ্জ সদরের চারটি ইউপিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী হওয়ার কথা জানা যায়। তাঁরা সবাই আওয়ামী লীগের মনোনীত। জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ও দোগাছিতেও একজন করে প্রার্থী। এ ছাড়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ও শেরপুরের নকলার গনপদ্দীতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।