চতুর্থ ধাপের ইউপি নির্বাচন
বিনা ভোটে জয়ের পথে ৪৮ চেয়ারম্যান প্রার্থী
৮৪২টি ইউপির মধ্যে ৪৮ জন চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ১৩৫ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চতুর্থ ধাপে সারা দেশে ৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়ছে না। গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এবং কোথাও কোথাও আর কোনো প্রার্থী না থাকায় ৪৮টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী শুধু বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, চতুর্থ ধাপে ৮৪২টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৩৫ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১২ জনসহ মোট ২৯৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ধাপে ১৬০টির মধ্যে ৪৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়েনি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির মধ্যে ৭৬টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপির মধ্যে ১০০টিসহ মোট ২১৯ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর চতুর্থ ধাপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৪৮ জন।
চাপের মুখে সরে দাঁড়ানোর অভিযোগ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অনেক স্থানে চাপের মুখে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয় বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১০টি ইউপির মধ্যে ৬টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আড়াইহাজারের হাইজাদী ইউপিতে নৌকার প্রার্থী আলী হোসেনের বিপরীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী হাওয়া বেগম। তাঁর মনোনয়নপত্র বৈধ
হলেও সোমবার শেষ সময়ে এসে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ সময়ে এসে প্রার্থিতা প্রত্যাহারের কারণ জানতে চাইলে হাওয়া বেগম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে হাওয়া বেগমের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই একটি প্রভাবশালী মহল হাওয়া বেগমকে চাপ দিয়ে আসছিল। সোমবার তাঁকে ভয় দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে।
আড়াইহাজারের বিশনন্দী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তিনি রূপগঞ্জে পালিয়ে ছিলেন। শনিবার দিবাগত মধ্যরাতে আড়াইহাজার আওয়ামী লীগের একদল লোক রূপগঞ্জ থেকে তাঁকে ধরে নিয়ে এসে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করে।’
জানতে চাইলে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সুলতানা এলিন প্রথম আলোকে বলেন, প্রার্থিতা প্রত্যাহারকারী সবার সঙ্গেই কথা হয়েছে। তাঁরা নিজেরা স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।
জয়ের পথে দুই ‘বিদ্রোহী’
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে জগন্নাথপুর, দুর্গাপুর উত্তর, দুর্গাপুর দক্ষিণ ও পাঁচথুবী ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন বিজয়ী হচ্ছেন। তিনজন আওয়ামী লীগ থেকে, অপরজন পাঁচথুবী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হাসান রফি রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
পাঁচথুবীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকবাল হোসেন বাহালুল। দলীয় মনোনয়ন পেয়েও তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।
জানতে চাইলে মো. ইকবাল হোসেন বাহালুল বলেন, ‘আমি দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন চাইনি। মনোনয়ন বোর্ড আমার কাজ দেখে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। এরপর আমি নির্বাচন করতে এলাকায় আসি। কী জন্য নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করতে পারিনি, তা বলতে পারব না।’
নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমানের মনোনয়ন বাতিলের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শাহাবুদ্দীন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে নির্বাচনের মাঠে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বরকত। গতকাল মঙ্গলবার গোতাশিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজমুল আনোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. আবুল বরকত গোতাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেফালীর জয়
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউপির চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী শেফালী আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা। শেফালী বানিবহ ইউপি আওয়ামী লীগের সদস্য। দুই সন্তানের জননী শেফালীর স্বামী আবদুল লতিফ মিয়া। তিনি বানিবহ ইউপির সাবেক চেয়ারম্যান। সদ্য প্রয়াত এই নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১১ নভেম্বর রাতে জনসংযোগ শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। রাতেই ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
শেফালী আক্তার বলেন, ‘স্বামী বিজয়ী হলে যত আনন্দ পেতাম, সেটা পাচ্ছি না।’