বিনা ভোটে সাংসদ আগা খান, হওয়ার পথে হাসেম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগা খান (মিন্টু) ও আবুল হাসেম খান।
ফাইল ছবি

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আগা খান (মিন্টু)।

এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

এই আসনে মনোনয়নপত্র দাখিল করা সব প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আগা খান একমাত্র প্রার্থী থাকায় তাঁকেই নির্বাচিত ঘোষণা করা হয়।

ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগা খান ছাড়া এই আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আজ শুক্রবার আগা খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে।

নির্বাচন কমিশন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৮ জুলাই এই ৩টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এর মধ্যে কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
অন্যদিকে সিলেট-৩ আসনে ভোট হবে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির আতিকুর রহমান ও বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী।