বিনিয়োগ স্থবিরতার জন্য একে অপরকে দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতার জন্য আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান ও সাবেক দুই মন্ত্রী একে অপরকে দুষলেন। বিএনপির নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতার কারণে কেউ বিনিয়োগের সাহস পাচ্ছেন না। হাজার হাজার মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাচ্ছে।
আর এর জন্য বিএনপির রাজনৈতিক কর্মসূচিকেই দুষলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগকারীরা যখন দেখেন গাড়িতে উঠলে বোমা পড়ে, মানুষ মারা হয়, প্রতিদিন হরতাল হচ্ছে, তখন তাঁরা কেন বিনিয়োগ করবেন?
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ সভায় আলোচনায় অংশ নিয়ে পারস্পরিক দোষারোপের এ বক্তব্য দেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক এ দুই মন্ত্রী। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গতকাল শনিবার সকালে এ সভার আয়োজন করা হয়।
সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রস্তাবিত বাজেটের ওপর সিপিডির পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
আলোচনা পর্বে সরকারি বিনিয়োগের মান নিয়ে প্রশ্ন তুলে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে ব্যাংকের টাকা লুটপাট করা হচ্ছে, অন্যদিকে জনগণের করের টাকায় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মূলধন সরবরাহ করছে। অথচ রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে যাঁরা ব্যাংক লুটপাট করেছেন, তাঁদের কোনো শাস্তি হচ্ছে না। এর ফলে সরকারের এই বিনিয়োগ উৎপাদনে কোনো কাজে লাগছে না। একই অবস্থা শেয়ারবাজারেও।
আমীর খসরু মাহমুদকে ‘বন্ধু’ সম্বোধন করে তাঁর বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিচ্যুতি সব সময় হয়। আমাদের সময় যেমন হয়েছে, আপনাদের সময়ও তেমনি হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে যেটি হয়েছে, সেটি ঠিক ছিল না। যারা ঘটনা ঘটায়, তারা আগেও ছিল, এখনো আছে। যদি তাদের বিচার করা না যায়, তাহলে তারা সারা জীবন থাকবে।’ মুস্তাফা কামাল বলেন, ‘কারা ব্যাংক থেকে ঋণ নিয়ে যায়, কাদের মাল শুল্ক না দেওয়ার কারণে বারবার চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে, তাদের আমরা চিনি। কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতির কারণে তাদের বিচার হয় না। বারবার পার পেয়ে যায়।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বাজেটের আগে নানা প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী পক্ষ নানাভাবে বাজেটকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত তাদের সঙ্গে দেনদরবার করে বাজেট তৈরি করতে হয়। তিনি আরও বলেন, বাজেটে সরকারি খাতে যে অপচয় হয়, তা দুর্নীতির চেয়েও ভয়াবহ।
আমীর খসরু মাহমুদ এ সময় বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগটি দুর্নীতির বড় ক্ষেত্র, তাই আমাদের সময় সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার আবার তা চালু করেছে।
আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন ব্যয়ের বড় অংশই খরচ হয় বছরের শেষ দুই মাসে। কারণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সফলতার জন্য প্রশাসনিক ব্যবস্থায় যেমন পুরস্কারের ব্যবস্থা নেই, তেমনি ব্যর্থতায় শাস্তির বিধানও নেই।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম করের আওতা না বাড়িয়ে কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। এর ফলে বিদ্যমান করদাতাদের ওপর করের বোঝা বাড়বে।
মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, আগামী অর্থবছরে সরকার ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটি অর্জন করতে হলে ৫৭ হাজার কোটি টাকার বাড়তি বেসরকারি বিনিয়োগ লাগবে। সেই সঙ্গে বৈদেশিক সাহায্য ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আগের মতোই শঙ্কা প্রকাশ করেন তিনি।
করের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে বক্তাদের অনেকে শঙ্কা প্রকাশ করলেও পরিকল্পনামন্ত্রী বলেছেন, এটি মোটেই অবাস্তব লক্ষ্য নয়। এ সময় তিনি জানান, কর আদায়ের স্বাভাবিক যে প্রবৃদ্ধি, তাতেই আগামী অর্থবছরে অতিরিক্ত ১৯ হাজার কোটি টাকা আদায় হবে। করের আওতা বৃদ্ধি ও কর প্রশাসনের সংস্কারের ফলে আদায় বাড়বে প্রায় ১১ হাজার কোটি টাকা। এ ছাড়া সিগারেট, মোবাইল ফোনসেবা ও তৈরি পোশাক খাতে কর বৃদ্ধির ফলে আয় হবে যথাক্রমে ৪ হাজার, ১ হাজার ও ১ হাজার ৬০০ কোটি টাকা। এ ছাড়া মামলার কারণে আটকে থাকা ২৬ হাজার কোটি টাকার কর আদায়ের ক্ষেত্রেও আগামী অর্থবছরে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
সভাপতির বক্তব্যে রেহমান সোবহান বলেন, ‘রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি হবে না, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, বছরের শেষ দুই মাসে যেভাবে উন্নয়ন ব্যয়ের অর্থ খরচ করা হয়, সেটি। অক্টোবর থেকে মার্চ মাস হলো কাজ করার উপযুক্ত সময়। এই সময়ে যেখানে মোট উন্নয়ন ব্যয়ের ৪০-৪২ শতাংশ খরচ হয়, সেখানে মে-জুন মাসে কীভাবে বাকি অর্ধেক অর্থ ব্যয় করা হয়, সেটি আমার হিসাবে মেলে না।’
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি আনিস উদ দৌলা, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ, সেন্টার ফর এনআরবির সভাপতি শেকিল চৌধুরী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক পরিচালক আবদুল হক প্রমুখ।