>

২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবং ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন হয়। আবার বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদও শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সেই বিবেচনায় দুই সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল ডিসেম্বরে। নির্বাচন কমিশন থেকে সে রকম ইঙ্গিতও দেওয়া হয়েছিল। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে রিটের কারণে কুমিল্লা সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হয়নি। এই প্রেক্ষাপটে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কুমিল্লা সিটির মেয়র মো. মনিরুল হক।
* সাক্ষাৎকার নিয়েছেন যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।
প্রথম আলো: মেয়াদের শেষ সময়ে এসে সীমানা নিয়ে মামলা ঠুকে দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঠেকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ আছে। আপনার বক্তব্য কী?
মো. মনিরুল হক: গত ৭ সেপ্টেম্বর কুমিল্লা সিটি করপোরেশন থেকে আমি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণের চিঠি দিই। ওই চিঠিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের সীমানার সঙ্গে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, চৌয়ারা, পশ্চিম জোড়কানন, গলিয়ারা ইউনিয়ন, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর, পাঁচথুবি, দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন অবস্থিত। এসব ইউনিয়নের মানুষ কুসিকের সুযোগ-সুবিধা ভোগ করছে। ইউনিয়নগুলোর সড়ক ও নালা অত্যন্ত নাজুক। বর্তমানে সিটি করপোরেশনে জাইকা ও এমজিএসপির অর্থায়নে এবং ডিপিপির মাধ্যমে উন্নয়নকাজ হচ্ছে। প্রস্তাবিত ইউনিয়নগুলো সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হলে নতুন করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও জনগণকে সেবা দেওয়া সম্ভব।
প্রথম আলো: বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা আরও কিছুদিন ক্ষমতায় থাকার জন্য এ কাজ করেছেন?
মো. মনিরুল হক: গত ৫ অক্টোবর কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদল নেতা কাজী মাহবুবুর রহমান এবং নগরের শুভপুরের বাসিন্দা খুরশিদ আলমের ছেলে হাবিব মিয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই দিনই হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আগামী তিন মাসের মধ্যে মহাপরিকল্পনা অনুযায়ী সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ করে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দেন। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি তো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।
প্রথম আলো: নির্বাচন হলে আপনি প্রার্থী হচ্ছেন কি না?
মো. মনিরুল হক: আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, সেহেতু আমি দল থেকে নির্বাচন করব। দলের কাছে মনোনয়ন চাইব। দল মেয়র পদে মনোনয়ন না দিলে নির্বাচন করব না। কিন্তু দল ছাড়তে পারব না। তবে দল যদি নির্বাচন না করে, সে ক্ষেত্রে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
প্রথম আলো: আগেরবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচন করেছিলেন?
মো. মনিরুল হক: ২০১২ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিকস ভোটিং মেশিন) পদ্ধতির মাধ্যমে ভোট হওয়ার কারণে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তখন আমি স্বতন্ত্র মেয়র প্রার্থী হই এবং নির্বাচনের আগে দল থেকে অব্যাহতি নিই। সেটি দলীয় প্রতীকে নির্বাচন ছিল না।
প্রথম আলো: প্রচারণা রয়েছে, আপনাকে আওয়ামী লীগও মেয়র পদে প্রার্থী করতে চায়।
মো. মনিরুল হক: আওয়ামী লীগ মনোনয়ন দিতে চাইলেও আমি নেব না। আমি বিএনপি করি, বিএনপিতেই থাকব। যেখান থেকেই নির্বাচন করি, নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকতে হবে।
প্রথম আলো: স্থানীয় সাংসদসহ সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো। যা অন্যান্য সিটি করপোরেশন থেকে ভিন্ন।
মো. মনিরুল হক: আমি কাজপাগল মানুষ। কাজের জন্যই সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে ভালো সম্পর্ক। নিয়মিত যোগাযোগ আছে পরিকল্পনামন্ত্রী ও রেলপথমন্ত্রীর সঙ্গেও। সরকারি দলের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে নগরবাসীর জন্য কাজ করতে পেরেছি।
প্রথম আলো: দেশের কয়েকটি সিটি করপোরেশনের মেয়রদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। আপনাকে করা হয়নি। বিষয়টি কীভাবে দেখছেন?
মো. মনিরুল হক: এটা তাদের (সরকার) ব্যাপার। দিলে বড় মনের পরিচয় হতো। তবে এ নিয়ে আমার আফসোস নেই।
প্রথম আলো: কুমিল্লায় বিএনপির অবস্থা কী?
মো. মনিরুল হক: জেলা ও শহর বিএনপিতে আগের মতো দ্বন্দ্ব নেই। সম্প্রতি ছাত্রদলের মহানগর কমিটি নিয়ে কিছুটা মনোমালিন্য রয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি তো এমপি নির্বাচন করব না। সিটি করপোরেশন নিয়ে থাকতে চাই।
প্রথম আলো: নির্বাচনে জনগণ কেন আপনাকে ভোট দেবেন?
মো. মনিরুল হক: আমি নগরবাসীর উন্নয়নে কাজ করেছি। বিপদ মাথায় নিয়েও নগরবাসীকে ছেড়ে যাইনি। যদি চাপে পড়ে কিংবা ভয়ে পদ ছেড়ে দিয়ে ঢাকায় থাকতাম, নগরবাসী ক্ষতিগ্রস্ত হতো।
প্রথম আলো: দীর্ঘ সময় আপনি পৌরসভার চেয়ারম্যান ও পরে সিটি করপোরেশনের মেয়র ছিলেন। জনগণের জন্য কী করেছেন?
মো. মনিরুল হক: ২০০৫ সালে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হই। ২০১২ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আমি ৬৫ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হই। বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনে ১ লাখ ৯৭ হাজার ৩০৯ জন ভোটার রয়েছেন। নগরের ২৭টি ওয়ার্ডের মানুষের চাহিদা বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক অবস্থা ভালো ছিল না। জাইকার সঙ্গে দিনের পর দিন বৈঠক করে টাকা পেয়েছি। পরে জাইকা ও এমজিএসপি প্রকল্পের টাকা দিয়ে নগরের সড়ক, নালা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের ২৭০ কোটি টাকার বাজেট করা হয়েছে। আড়াই কোটি টাকা খরচ করে মহাপরিকল্পনা করা হয়েছে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মো. মনিরুল হক: আপনাকেও ধন্যবাদ।