মাগুরা-১ আসনের (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩ হাজার ১৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে এ তথ্য মিলেছে।
এ আসন থেকে চারবারের নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি গত ৯ মার্চ মারা যান।
ভোটার উপস্থিতি ছিল খুব কম। প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ১১টা পর্যন্ত ভোট পড়ে গড়ে ১০ শতাংশ । ভোট গ্রহণ নিয়ে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এ আসনের ভোটারসংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪।
উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাগুরা শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি প্রথম আলোকে জানান, ওই কেন্দ্রের ২ হাজার ১৬২টি ভোটের মধ্যে প্রথম ঘণ্টায় ভোট পড়ে মাত্র ৪৭টি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ছোটখাটো দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ শতাংশের মতো ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।