বিপুল ব্যয়ে 'বিশাল' আয়োজন জাপার
নিজেদের ‘বিরোধী দল’ হিসেবে জানান দিতে ১ জানুয়ারি ঢাকায় ঘটা করে মহাসমাবেশ করতে যাচ্ছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা)। এতে কেবল মঞ্চ, মাইক, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও প্রচারপত্র তৈরিতেই দৃশ্যমান খরচ হচ্ছে প্রায় পাঁচ কোটি টাকা। এ ছাড়া জমায়েত বড় করতে ঢাকার বাইরে থেকেও লোক আনা হবে। এ জন্য বড় অঙ্কের ব্যয় আছে। এ টাকার জোগান কে বা কারা দিচ্ছে তা স্পষ্ট নয়।
দলটির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাপার এ কর্মসূচিতে সরকারের উচ্চপর্যায়ের উৎসাহ ও সমর্থন আছে। সরকারপক্ষ মনে করছে, ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি সামনে রেখে বিএনপির মাঠে নামার আগ দিয়ে জাপার এ শক্তি প্রদর্শন সরকারের জন্য কিছুটা সহায়ক হবে।
দলীয় সূত্রগুলো বলছে, ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে দলের নিয়ন্ত্রণ নিয়ে এরশাদ ও তাঁর স্ত্রী রওশনের মধ্যে বিভেদ এখনো জিইয়ে আছে। মন্ত্রিত্ব পাওয়া না-পাওয়া এবং সরকারি সুবিধাভোগ নিয়ে নেতাদের মধ্যে বিভক্তি এবং সাংগঠনিক দুর্বলতাও রয়েছে। এ অবস্থায় এত বড় আয়োজন করার মতো সাংগঠনিক ও আর্থিক সামর্থ্য নিয়ে দলের ভেতরে-বাইরে প্রশ্ন আছে।
এ ক্ষেত্রে জাপা সরকারের সহযোগিতা পাচ্ছে কি না, জানতে চাইলে মহাসমাবেশের অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতী বলেন, ‘প্রচার-প্রচারণায় প্রশাসনিক সহযোগিতা পাচ্ছি, এটা অস্বীকার করা যাবে না। তবে টাকাপয়সা সরকার দিচ্ছে বলে মনে হয় না। এটা পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলতে পারবেন।’
অবশ্য জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেন, এ আয়োজনে দলের নেতা-কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে অর্থের জোগান দিচ্ছেন।
উচ্চপর্যায়ের একাধিক নেতা জানান, বিএনপি মাঠে নামার আগেই জাতীয় সংসদের ‘বিরোধী দল’ জাপা এবার রাজপথের ‘শক্ত বিরোধী দল’ হিসেবে জানান দিতে চায়। এ কারণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত অনেক বড় করার জন্য সারা দেশ থেকে লোক আনার নানামুখী তৎপরতা চলছে। মহাসমাবেশ করার জন্য ১০২ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটি ছাড়াও অভ্যর্থনা, দপ্তর, প্রচার, মঞ্চ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি করা হয়েছে। মহাসমাবেশ থেকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের আগামী এক বছরের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
মহাসমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, প্রচারের জন্য ইতিমধ্যে আট লাখ প্রচারপত্র ও সাড়ে ছয় লাখ রঙিন পোস্টার ছাপানো হয়েছে। এসব পোস্টার ও প্রচারপত্র ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে পাঠানো হয়েছে। ঢাকার বাইরে থেকে লোক আনার জন্য প্রায় আড়াই হাজার পরিবহন ভাড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পরিবহনের ভাড়া ধরা হয়েছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একজন নেতা জানিয়েছেন, গড়ে ১২ হাজার টাকা করে ভাড়া ধরলে আড়াই হাজার পরিবহনের ভাড়া বাবদ প্রায় তিন কোটি টাকা খরচ হবে।
জাপার কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন সড়কে ৫০০ বিলবোর্ড ও এক হাজার ফেস্টুন টানানোর কাজ চলছে। ইতিমধ্যে ১০০ বিলবোর্ড টানানো হয়েছে। একেকটি বিলবোর্ড তৈরিতে ২৫ হাজার টাকা করে ৫০০ বিলবোর্ডে ব্যয় হচ্ছে সোয়া কোটি টাকা। আর এক হাজার ফেস্টুনের প্রতিটির দাম ৪০০ টাকা হিসাবে ব্যয় হচ্ছে চার লাখ টাকা। সাড়ে আট লাখ প্রচারপত্র ও সাড়ে ছয় লাখ পোস্টারের ছাপার খরচ পড়েছে ৩৪ লাখ টাকা। প্রতিটি পোস্টারে চার টাকা, আর প্রচারপত্রে এক টাকা খরচ হয়েছে। মঞ্চ তৈরি, মাইক ও সাউন্ড সিস্টেম বাবদ খরচ ধরা হয়েছে সাড়ে ১৩ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা খরচের দৃশ্যমান হিসাব পাওয়া গেছে।
অবশ্য এই ব্যয়ের কথা উদ্ধৃত হয়ে স্বীকার করতে রাজি নন কোনো নেতা। জাপার সাংসদ ও দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা দাবি করেন, তিনি নিজের খরচে এ পর্যন্ত ১০টি বিলবোর্ড এবং ব্যক্তিগত ও দলীয়ভাবে ৪৭ হাজার পোস্টার লাগিয়েছেন।
আয়োজনের দায়িত্বে নেতারা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্তে পাশাপাশি তিনটি মঞ্চ বানানো হচ্ছে। এর মধ্যে মূল মঞ্চে বসবেন এরশাদসহ জাপার নেতারা। একটি মঞ্চ টেলিভিশনের ক্যামেরা ও আলোকচিত্রী সাংবাদিকদের জন্য। আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। উদ্যানের ভেতরে-বাইরে এবং জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন ও এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় পর্যন্ত এলাকায় ১৬০টি মাইক লাগানো হবে।
এত সাড়ম্বর আয়োজনের কারণ জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘প্রতিবার আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা করতাম। এবার নতুনভাবে নামছি। জনগণকে একটা বার্তা দেওয়ার জন্য শোডাউন করছি।’