বিবৃতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা বিএনপির

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। এ জন্য বিএনপি মঙ্গলবার তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় প্রত্যেক প্রার্থীর প্রতীকই থাকছে ব্যালটে।
দলের উচ্চপর্যায়ের নির্দেশে প্রার্থী প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এক বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বিষয়টিকে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্বার্থ বলে উল্লেখ করেন।
৩০ জুন বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দলের উপজেলা শাখার সদস্য আবদুর রহিম আহমেদ, বিএনপির প্রার্থী দলের উপজেলা শাখার সভাপতি এনামুল করিম এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী দলের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এটি বাসাইল পৌরসভার দ্বিতীয় নির্বাচন। বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বলেন, বৃহত্তর স্বার্থে বিএনপি তাদের মেয়র প্রার্থীকে নির্বাচন থেকে প্রত্যাহার করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীকে সমর্থন জানিয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খান বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বৃহত্তর ঐক্যের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৩ সালের প্রথম পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান মেয়র পদে বিজয়ী হন। এবার তিনি অংশ নিচ্ছেন না। সে নির্বাচনে মাত্র ১৭ ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির প্রার্থী এনামুল করিম। উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে তৃতীয় হন কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসান। সে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান চতুর্থ অবস্থানে ছিলেন।
বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ জন ভোটার। এবার নির্বাচনে তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও বাসাইল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় আগেই চলে গেছে। এখন কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার প্রতীক ব্যালটে থাকবে।