বিভক্ত নেতারা এক মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আট বছর পর আবার এক মঞ্চে হাজির হলেন দ্বিধাবিভক্ত জেলা বিএনপির নেতারা। এ ঘটনায় বিএনপির কর্মীদের মধ্যে আপাত উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে জেলা বিএনপির অধিকাংশ নেতা মনে করেন, এই ঐক্য স্বার্থের জন্য এবং এর স্থায়িত্বও ক্ষণকালের।
গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে শহর ও কোতোয়ালি বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দ্বিধাবিভক্ত বিএনপি নেতাদের একমঞ্চে দেখা গেল। বিকেল চারটার দিকে স্থানীয় ময়েজ উদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। বিভক্ত জেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং অপর অংশের নেতৃত্ব দেন জহিরুল হক।
জেলা বিএনপিতে জহিরুল হকের আধিপত্য বিদ্যমান। অপরদিকে শহর ও কোতোয়ালি বিএনপিতে কামাল ইবনে ইউসুফের প্রতিপত্তি সর্বদা। গত বৃহস্পতিবার শহর ও কোতোয়ালি বিএনপির সম্মেলনে কামাল ইবনে ইউসুফ ও জহিরুল হক উভয়েই দলের ঐক্যের ব্যাপারে জোর দিয়েছেন।
ইতিপূর্বে শহর ও কোতোয়ালি বিএনপির সম্মেলনে জহিরুল হক ও তাঁর অনুসারীদের যোগ দিতে দেখা যায়নি। গত বৃহস্পতিবারই এর ব্যতিক্রম দেখা গেল। সম্মেলনে কামাল ইবনে ইউসুফ প্রধান অতিথি হলেও উদ্বোধক করা হয় জহিরুল হককে।
এ প্রসঙ্গে জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আগে শহর ও কোতোয়ালি বিএনপির সম্মেলনে আমি কোনো দাওয়াত পাইনি। একটি অনুষ্ঠানের আয়োজক যদি আমাকে দাওয়াত না দেন, তাহলে সেটা তাঁর বিষয়। আমি তো আর আগ বাড়িয়ে যেতে পারি না। এবার দাওয়াত পেয়েছি তাই অংশ নিয়েছি।’
এ ঘটনায় কর্মীরা উৎসাহিত হলেও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা বিএনপির অনেক নেতা। যদিও তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁদের ভাষ্য, সামনে দলের সম্মেলন। কেন্দ্র থেকে চলতি নভেম্বরেই সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৪ নভেম্বর তৃণমূল নেতা-কর্মীদের সভা আহ্বান করা হয়েছে। ওই সভাতেই জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এ জন্য জেলা সম্মেলনকে সামনে রেখে দলে ভালো পদ-পদবি পাওয়া কিংবা আগের পদ অক্ষুণ্ন রাখার জন্যই ব্যক্তিস্বার্থে আপাত এই ঐক্য। দুই দিন পরেই উভয় নেতা ফিরে যাবেন নিজেদের অগের অবস্থানে।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন বলেন, ‘এ ঐক্য জেলা সম্মেলনকে সামনে রেখে এবং ব্যক্তিস্বার্থে। এর সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়া বা দলের কোনো স্বার্থ নেই। প্রতি সম্মেলনের আগেই বিবদমান নেতাদের মধ্যে এমন ঐক্য দেখা যায়। এবারও তাই ঘটছে মাত্র। তাই এর মধ্যে আশাজাগানিয়া কোনো উপাদান আছে বলে আমি মনে করি না।’
তবে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি দেশনেত্রী আমাকে তাঁর উপদেষ্টা বানিয়ে প্রমোশন দিয়েছেন। তিনি আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে মিলেমিশে কাজ করতে। আমি সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। আমি সব সময় নেত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, করছি এবং ভবিষ্যতেও করব। নিজের স্বার্থের জন্য এ উদ্যোগ নয়।’
চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ঐক্য দলকে সুদৃঢ় করে। আর বিভেদ দলকে দুর্বল করে। দলের মধ্যে নেতৃত্বের বিকাশ হওয়া জরুরি। দলকে কুক্ষিগত করে রাখার প্রবণতা দলের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা এক মঞ্চে উঠেছি। জেলা বিএনপির সম্মেলনেও আমার দাবি, তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের নেতা বাছাই করা হোক। ওপর থেকে চাপিয়ে দেওয়া কমিটি দলের জন্য শুভ হয় না।’