নেতৃত্বের কোন্দলে জড়িয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সম্প্রতি তাদের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়েছে। এখন দলটির দুই কমিটির পাশাপাশি কার্যালয়ও দুটি। উভয়েই পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে।
দলীয় সূত্র জানায়, গত জুলাই মাসে জেলা কমিটির একাংশ সরোয়ার আলমগীরকে সভাপতি ও সৈয়দ ওমর ফারুককে সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করে। এর পরই অপর পক্ষ সালাহ উদ্দিনকে সভাপতি ও এইচ এম নাসির উদ্দিনকে সম্পাদক করে আরেকটি কমিটি ঘোষণা করে। তখন থেকেই প্রকাশ্যে চলে আসে বিভক্তি। বর্তমানে দুই কমিটির কার্যালয়ও দুটি।
উপজেলার বিবিরহাটে এশিয়া প্লাজার দ্বিতীয় তলার উত্তরে একটি কার্যালয়ে বসেন একপক্ষের কমিটির সভাপতি সালাহ উদ্দিনের সমর্থকেরা। একই ভবনের দক্ষিণে বসছেন আরেক পক্ষের সভাপতি সরোয়ার আলমগীরের অনুসারীরা। দুই পক্ষই অঙ্গসংগঠন ও দলের বিভিন্ন কমিটিকে নিজেদের পক্ষে টানার জন্য প্রচারণায় নেমেছে। ফলে তৃণমূল নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।
নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে, সরোয়ার আলমগীরের সঙ্গে আছেন উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক সহসভাপতি মীর্জা মুহাম্মদ আকবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাবেক সদস্যসচিব সিরাজুদ্দৌলাহ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মুনসুর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল আলম চৌধুরী।
অন্যদিকে, সালাহ উদ্দিনের সঙ্গে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, জেলা বিএনপির নেতা আজিম উল্লাহ, জেলা বিএনপির উপদেষ্টা খুরশীদ জামিল চৌধুরী, জাতীয় মহিলা দলের সভানেত্রী নূরী আরা ছাফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির আজম চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন প্রমুখ।
সরোয়ার আলমগীর বলেন, ‘সদরের কাছে সালাহ উদ্দিনের বাড়ি। ব্যক্তিগত অফিসকে তিনি দলীয় কার্যালয় বলছেন। এটি দলীয় কার্যালয় হতে পারে না। তাঁর সঙ্গে যাঁরা আছেন, তাঁরা ভুল করছেন। আশা করি, তাঁদের ভুল ভাঙবে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে কেন্দ্রকে অনুরোধ করা হবে।’
সালাহ উদ্দিন বলেন, ‘সরোয়ার আলমগীরকে দিয়ে বিএনপির মতো একটি বৃহৎ সংগঠন চলতে পারে না। তাই আমরা সদরে বিএনপির কার্যালয়ে বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কার্যক্রম চালাচ্ছি।’
এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আহসান বলেন, ‘বড় দলে বিভক্তি থাকতে পারে। তবে ফটিকছড়ির বিষয়টি ম্যাডাম খালেদা জিয়া নিজেই দেখভাল করছেন। আশা করছি, অচিরেই সব ঠিক হয়ে যাবে।’