মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে দুটি ধারায় চলছে ফরিদপুর বিএনপি। এর মধ্যে কয়েকজন নেতা দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বাকি নেতা-কর্মীরা মামলা-হামলার ভয়ে সিঁটিয়ে আছেন।
জেলায় দলের একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ওরফে শাহজাদা মিয়া। অপর অংশটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ১৬ নভেম্বর। দুই পক্ষের মারামারিতে সে সম্মেলন পণ্ড হয়ে যায়। ২০১০ সালের ১০ জানুয়ারি ১৪০ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি অনুমোদন করে কেন্দ্র। কমিটিতে জহিরুল হকের সমর্থকেরা প্রাধান্য পেয়েছেন বলে অন্য পক্ষ অভিযোগ করে আসছে। জেলা কমিটিতে সভাপতির স্ত্রী ইয়াসমিন আরা হক, ভাতিজা, ভাতিজার স্ত্রীসহ আত্মীয়স্বজন আছেন পাঁচজন।
এ সম্মেলনের কিছুদিন আগে গঠিত হয় কোতোয়ালি বিএনপি ও শহর বিএনপির নতুন কমিটি। এ দুটি কমিটিতে কামাল ইবনে ইউসুফ অংশের একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে বলে দলীয় সূত্র জানায়।
নেতা-কর্মীরা জানান, এরপর থেকে জাতীয় বা দলীয় গুরুত্বপূর্ণ দিবসে বিএনপির কর্মসূচি পালিত হয় দুই ভাগে। একটি অনুষ্ঠান হয় জেলা বিএনপির নামে। অন্যটি কোতোয়ালি ও শহর বিএনপির নামে। বরাবরই একটিতে প্রধান অতিথি হন জহিরুল হক। অপরটিতে কামাল ইবনে ইউসুফ। তিন বছর মেয়াদি জেলা কমিটির ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
কামাল ইবনে ইউসুফ ও জহিরুল হক দুজনই ফরিদপুর শহরের চেয়ে ঢাকায় থাকতে বেশি অভ্যস্ত। বিভিন্ন কর্মসূচি উপলক্ষে তাঁরা ফরিদপুরে আসেন বলে তাঁদের পক্ষের নেতারা জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, জেলা কমিটির দুজন সহসভাপতি, সম্পাদক ও সদস্য মিলে ১৩ জন একপ্রকার স্থায়ীভাবে ঢাকায় থাকেন। দুই সদস্য ইতিমধ্যে মারা গেছেন। কমিটির একজন উপদেষ্টা, একজন সম্পাদকসহ চারজন সদস্য ইতিমধ্যে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বিএনপি নেতাদের এই অবস্থার মধ্যে যুক্ত হয়েছে মামলা আর গ্রেপ্তারের ভয়। দলটির প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীর নামে শতাধিক মামলা রয়েছে। অঙ্গসংগঠনের প্রথম সারির প্রায় সব নেতার নামেই রয়েছে একাধিক মামলা। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনের নামে রয়েছে ২২টি, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহম্মেদের বিরুদ্ধে ১৭টি, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে কিবরিয়ার বিরুদ্ধে রয়েছে ১৪টি করে মামলা ।
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্তমান কমিটি দিয়ে বিএনপি চালানো সম্ভব নয়। দুই বড় নেতার দলের প্রতি মমত্ববোধ নেই। দলের নেতারা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। অথচ আগাম জেনেও তাঁদের বহিষ্কার করাসহ কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
‘যাঁরা দল ত্যাগ করেছেন তাঁদের মামলার ভয় দেখিয়ে দল ত্যাগে বাধ্য করা হয়েছে’ মন্তব্য করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, দলত্যাগীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব কারাগারে থাকায় দাপ্তরিক কার্যক্রম এগোয়নি। তবে কেউ কেউ লোভের বশবর্তী হয়ে দল ত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি জহিরুল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিন জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।’ জেলা কমিটিতে তাঁর আত্মীয়ের আধিক্য সম্পর্কে তিনি বলেন, ‘আমার আত্মীয় হিসেবে নয় নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত বলেই তারা কমিটিতে স্থান পেয়েছে।’ দলত্যাগীদের সম্পর্কে তিনি বলেন, ‘ধানের সঙ্গে যে তুষ ছিল সেগুলো চলে যাচ্ছে। এ যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না।’