কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দূর করার আশ্বাস দিয়েছে আহ্বায়ক কমিটি। এ লক্ষ্যে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
ভৈরব আওয়ামী লীগের কার্যকরী কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের পর এটাই ছিল প্রথম সংবাদ সম্মেলন। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে আহ্বায়ক পৌর মেয়র ফখরুল আলমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় ফখরুল আলম বলেন, ‘স্বীকার করতে হবে ভৈরব আওয়ামী লীগ এখন আর এক প্ল্যাটফর্মে নেই। বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক বলয় গড়ে ওঠে। এভাবে দল চলতে পারে না। সুতরাং আমরা চাইব যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে কমিটি করে দিতে। একটি ভালো কমিটিই দল রক্ষা করতে পারে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, আহ্বায়ক কমিটির তিন যুগ্ম আহ্বায়ক মির্জা সুলায়মান, শামসুজ্জামান ও সিরাজ উদ্দিন, সদস্যসচিব এস এম বাকী বিল্লাহসহ ১৭ সদস্যের কমিটির বেশির ভাগ সদস্য।
এদিকে সংবাদ সম্মেলনের আগে দলীয় কার্যালয়ে বিলুপ্ত কমিটির সভাপতি সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে জরুরি সভা হয়। তবে এতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর ও তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না।
আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সায়দুল্লাহ মিয়া বলেন, এই কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবে বলে তাঁর আশা। তবে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর সাংবাদিকদের বলেছেন, গঠনতন্ত্র মেনে আহ্বায়ক কমিটি গঠিত হয়নি। আর আগের কমিটির নেতাদের দিয়েই এ কমিটি হওয়ায় ভালো কিছু আশা করা কঠিন।
২০০২ সালের ১২ অক্টোবর তিন বছরের জন্য ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠিত হয়। ১০ বছর পার হলেও নতুন কমিটি আর হয়নি। ফলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই অবস্থায় কেন্দ্রের নির্দেশনা পেয়ে জেলা আওয়ামী লীগ ৬ জুন ভৈরব কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে।