বিভক্তির জন্য সাংসদকে দায়ী করলেন সালামপন্থী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম ও তাঁর পক্ষের নেতারা অভিযোগ করেছেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান দলে বিভক্তি সৃষ্টির জন্য দায়ী।
নান্দাইল পৌরসভার পুরান বাজার এলাকার দলীয় কার্যালয়ে গতকাল শনিবার পূর্বনির্ধারিত বর্ধিত সভা হয়। এ উপলক্ষে শত শত নেতা-কর্মী জড়ো হন। এ সময় আবদুস সালাম ও তাঁর পক্ষের নেতারা এসব কথা বলেন।
বর্ধিত সভায় আসা কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় নয় মাস পর তাঁরা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি উপলক্ষে এখানে জড়ো হয়েছেন। এর আগে তাঁরা একাধিকবার সভা-সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন বাধার মুখে করতে পারেননি।
উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুস সালাম ময়মনসিংহ-৯ আসনের সাবেক সাংসদ। আর তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। কিন্তু ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান আনোয়ারুল আবেদিন খান। তিনি আওয়ামী লীগের কেউ নন। তিনি জেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক। আনোয়ারুল উপজেলা আওয়ামী লীগে প্রভাব বিস্তার করতে চাইলে দুই পক্ষের বিভেদ শুরু হয়।
বর্ধিত সভার আগে বক্তব্য দেন আবদুস সালামপক্ষের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, সাংসদ আনোয়ারুল আবেদিন খান জেলা কমিটির সাবেক একজন শীর্ষ নেতার মদদে নান্দাইল আওয়ামী লীগের ফাটল ধরাচ্ছেন। সরকারি ত্রাণের চাল বিক্রি করে, উন্নয়নমূলক কাজের বরাদ্দ আত্মসাৎসহ নানা অপকর্ম করে তাঁরা সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম বলেন, ২০১৪ সাল থেকে উপজেলা আওয়ামী লীগ কঠিন সময় পার করেছে। এখন ঝিমিয়ে পড়া নেতা-কর্মী ও সমর্থকেরা আবার উজ্জীবিত হচ্ছেন। না হলে দলের একটি বর্ধিত সভা উপলক্ষে হাজারো নেতা-কর্মী সমবেত হতেন না। তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চলতে চান।
ওই সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মো. কবীর উদ্দিন ভূঁইয়া, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম, মো. শাহাব উদ্দিন ভূঁইয়া, এম এ সালাম প্রমুখ।
সালামপক্ষের নেতাদের অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, তিনি দলে বিভক্তি সৃষ্টি করেননি। আর তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক। তা সত্ত্বেও আহ্বায়ক কমিটিতে আবদুস সালাম ও তাঁর পক্ষের অনেক নেতাকে রাখা হয়েছে। আগামী সোমবার আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।