বিএনপির কুষ্টিয়া জেলা কমিটির একজন সহসভাপতিসহ জেলা ও উপজেলা কমিটির পদে থাকা বেশ কয়েকজন নেতা অনুসারীদের নিয়ে গত সাত মাসে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সভাপতিসহ শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে আছেন। আবার অনেকে সমঝোতা করে চলছেন।
জেলা বিএনপির সহসভাপতি আবুল কাশেম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সহসভাপতি হাফিজুর রহমান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তাঁকে আওয়ামী লীগের বিভিন্ন সভায় দেখা যাচ্ছে। সদর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবদুল মজিদও দল ত্যাগ করেছেন বলে বিবৃতি দিয়েছেন। শহর যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ ছাড়া জেলার ছয়টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন গত কয়েক মাসে।
সাধারণ নেতা-কর্মীদের অভিযোগ, এই কঠিন সময়ে দলের শীর্ষস্থানীয় নেতাদের কোনো সহযোগিতা এমনকি কোনো নির্দেশনাও তাঁরা পাচ্ছেন না। মাঠপর্যায়ের কর্মীরা তাই হতাশ।
২০০৯ সালের ডিসেম্বর মাসে জেলা বিএনপির সম্মেলনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি ও সোহরাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়। একই দিন মিনহাজুর রহমান আলোকে সভাপতি ও আনসার প্রামাণিককে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি করা হয়। পরে কেন্দ্র থেকে দুটি কমিটি সমন্বয় করে একটি কমিটি করা হয়। তাতেও মিনহাজুর কমিটির ক্ষোভ থেকে যায়।
জেলা বিএনপির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে জেলা ও উপজেলা পর্যায়ের সাতজন শীর্ষ নেতার সঙ্গে এই প্রতিবেদকের সরাসরি ও মুঠোফোনে কথা হয়। প্রথম আলোর সঙ্গে কথা বলেন অঙ্গ সংগঠনের পাঁচজন নেতাও। নেতাদের অভিযোগ, কমিটি গঠনের পর ছয় বছরে একবার দলের নির্বাহী কমিটির সভা হয়। এমনকি অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে কোনো বৈঠক হয়নি। শহরের পূর্ব দিকে ব্যক্তিগত কার্যালয়ে বসেন দলের সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। পশ্চিমে বসেন সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। মাঝখানে দলটির জেলা কার্যালয় থাকলেও সেখানে কোনো নেতা-কর্মীকে দেখা যায় না। কার্যালয়টি গত এক বছরের বেশি সময় ধরে তালা মারা। তবে শীর্ষ দুই নেতার সান্নিধ্য পেতে নেতা-কর্মীরা দুভাবে ভাগ হয়ে নেতাদের কাছে যান।
কয়েকজন নেতা বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। সোহরাব উদ্দীন গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত কুষ্টিয়া শহরে বিএনপির মিছিল-সভা হয়েছে। সোহরাব উদ্দীন গ্রেপ্তার হলে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী আত্মগোপনে চলে যান। এই নেতারা বলেন, আলতাফ হোসেন, কাজী এনামুল হক আসাদ, আবুল কাশেম ও হাফিজুর রহমান—চারজনই জেলা বিএনপির সহসভাপতি। পেশায় সবাই ব্যবসায়ী। গত কয়েক বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে এসব নেতার কাউকেই দেখা যায়নি। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এসব নেতার দাপটে ত্যাগী নেতারা ছিলেন কোণঠাসা।
কয়েকজন নেতা বলেন, নেতাদের কেউ কেউ ক্ষমতাসীন ব্যক্তিদের সঙ্গে সমঝোতা করে চলছেন। কেউ কেউ সমঝোতা করে ঠিকাদারি কাজও করছেন। আবার যাঁরা মামলার আসামি নন কিন্তু পলাতক ছিলেন, এমন নেতারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। হামলা, মামলা থেকে বাঁচতে অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
তিন মাস কারাবাস শেষে জামিনে ছাড়া পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম। তিনি বলেন, দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। সুবিধাবাদীদের কমিটি থেকে বাদ দিতে হবে। তরুণদের দলে আনতে হবে। তবেই দল শক্তিশালী হবে।
দলের দাপুটে সহসভাপতি হিসেবে পরিচিত হাফিজুর রহমান। তাঁর ওঠা-বসা এখন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। তিনি সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির সঙ্গে নেই বলে ঘোষণা দেন। একই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বলেন, বিএনপিতে ত্যাগী নেতারা চরম বেকায়দায় আছেন। সভাপতি মেহেদী রুমী ঢাকায় আছেন। তাঁর আস্থাভাজন দলের দুই শীর্ষ নেতা সাজেদুর রহমান ও আবদুর রাজ্জাক এ সময়েও রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটিতে পদ পেয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, ক্ষমতাসীন এক শীর্ষ নেতার আত্মীয় প্রশাসনের সহায়তায় সদর উপজেলার নেতাদের হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরুপায় হয়ে দল ত্যাগ করছেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এলাকায় না থাকায় কর্মীরা একটু দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে আওয়ামী লীগ তাদের ওপর চাপ দিয়ে দলে ভেড়াচ্ছে। এখন ইচ্ছে করলেই এগুলো ঠেকাতে পারব না। দিন বদলাবে, সেদিন আবার সবাই চলে আসবে।’