বিভাগে যোগ দিলেন আরেফিন সিদ্দিক, নতুন উপাচার্যকে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব শেষে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দিয়েছেন। ঈদুল আজহার ছুটি শেষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় খুললে সকালে তিনি বিভাগে গিয়ে যোগদানপত্রে সই করেন। আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে ক্লাস শুরু হবে।

এদিকে নতুন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এর মধ্য দিয়ে নতুন উপাচার্যের নিয়োগপ্রক্রিয়ার বিরোধিতা করে শিক্ষক সমিতির একটি অংশের বিরোধিতার আপাত অবসান হয়েছে বলে মনে করছেন শিক্ষকেরা।

উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, সহসভাপতি অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ জ ম শফিউল আলম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব সময় গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করে। সমিতির নেতারা প্রশাসনকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিয়েছেন। প্রশাসন পরিচালনায় যেকোনো ধরনের ভুল-ত্রুটি দেখলে শিক্ষকনেতাদের তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছি।’

 আরেফিন সিদ্দিকের যোগদান

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কলাভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গেলে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।