বিভিন্ন উপজেলা-পৌরসভার সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদনের ছয় বছরের বেশি সময় পর বিভক্ত দুটি পক্ষ প্রথম একসঙ্গে বর্ধিত সভা করেছে। এর আগে কেন্দ্রীয় কমিটির ডাকে ঢাকায় হয়েছে জেলা কমিটির প্রথম সভা। বর্ধিত সভায় ২০ মে অনুষ্ঠেয় জেলা সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বর্ধিত সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল কমলগঞ্জ উপজেলা কমিটির, ১৯ এপ্রিল শ্রীমঙ্গল পৌরসভা, ২০ এপ্রিল মৌলভীবাজার পৌরসভা, ২২ এপ্রিল কুলাউড়া উপজেলা, ২৫ এপ্রিল রাজনগর উপজেলা, ২৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলা, ২৯ এপ্রিল সদর উপজেলা এবং ৩০ এপ্রিল জুড়ী উপজেলা কমিটির সম্মেলন হবে।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুটি পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর এটাই প্রথম বর্ধিত সভা।
এর আগে ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির আহ্বানে দলের ধানমন্ডি কার্যালয়ে জেলা কমিটির প্রথম সভা হয়। জেলা কমিটি অনুমোদিত হওয়ার পর দুই পক্ষের নেতাদের অংশগ্রহণে এটা ছিল কমিটির প্রথম সভা। ওই সভায় আগামী ২০ মে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়। জেলা সম্মেলনকে কেন্দ্র করে ডাকা হয় বর্ধিত সভা। বর্ধিত সভায় সব উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ। জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক দশক ধরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে রয়েছে উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ ও নেছার আহমদের নেতৃত্বাধীন অংশ। অপর পক্ষে আছে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী অংশ।
বর্ধিত সভায় অংশগ্রহণকারী জেলা কমিটির সদস্য ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এটাই ছিল জেলা কমিটির প্রথম বর্ধিত সভা। এর আগে ১২ মার্চ ঢাকায় হয়েছে এ কমিটির প্রথম সভা।
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী অংশের নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ বলেন, ‘আপাতত সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।’
উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ বলেন, ‘সভায় সবাই খোলাখুলিভাবে তাঁদের মতামত দিয়েছেন। সবাই একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন; যাতে সংগঠনকে গুছিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জনরায় দলের পক্ষে নিয়ে আসা যায়, দেশসেবার সুযোগ তৈরি করা যায়। সবাই সঠিকভাবে কাজ করার কথা বলেছেন।’