বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ, দুই জেলায় বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে খুলনা জেলা বিএনপি কেডি ঘোষ সড়কে গতকাল বিক্ষোভ সমাবেশ করে l প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে খুলনা জেলা বিএনপি কেডি ঘোষ সড়কে গতকাল বিক্ষোভ সমাবেশ করে l প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। এর মধ্যে বরিশাল মহানগর ও ফরিদপুর জেলা বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় মহানগর বিএনপি নগরের অশ্বিনীকুমার হল-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করলে তাঁদের হলের মূল ফটকে আটকে দেয় পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, মিছিল করার অনুমতি ছিল না। তাই আটকে দেওয়া হয়।

একই সময়ে নগরের ফকিরবাড়ি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর সড়কে দলীয় কার্যালয়ে আসে দক্ষিণ জেলা বিএনপি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সংগঠনটির সভাপতি এবায়েদুল হক চান সভাপতিত্ব করেন। অন্যদিকে অশ্বিনীকুমার হলের সামনে উত্তর জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করে। খুলনা: বিকেলে নগরের কে ডি ঘোষ সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ মুহূর্তে নির্বাচন হলে জনগণ ক্ষমতাসীন দলকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। এ জন্য তারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়।

ফরিদপুর: সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। মিছিলকারীরা আবার স্বাধীনতা চত্বরে ফিরে আসেন। সেখানে সমাবেশ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিএনপি শহরে মিছিল করেছে কি না জানা নেই। তবে পুলিশের অনুমতি ছাড়া মিছিল করে থাকলে বাধা দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।

নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের পৌর বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক প্রমুখ। তাঁরা খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবি জানান।