ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের পরও দীর্ঘদিনের বিভেদের রেখাটা খুব একটা কমবে বলে মনে করছেন না এ দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। নাম দুটি ঘোষণার আগে তিনি বলেন, ‘সভানেত্রী শেখ হাসিনা আমাকে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে দলের সভাপতির সিদ্ধান্ত আমাদের মানতে হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি হিসেবে সুবল সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেনের নাম ঘোষণা করেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সম্মেলন মাঠে উপস্থিত বেশ কিছু কর্মী ‘মানি না’, ‘মানি না’ ধ্বনি দিতে দিতে চেয়ার ছোড়াছুড়ি করে সম্মেলনস্থল ত্যাগ করেন। অবশ্য নাম ঘোষণা দিয়েই সম্মেলনের সমাপ্তির ঘোষণাও দেন ওই সম্মেলনের উদ্বোধক সৈয়দ আশরাফুল ইসলাম।
সম্মেলন উপলক্ষে সাধারণত উদ্বোধনী পর্ব এবং পরে ডেলিগেট ও কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন হয়। দ্বিতীয় অধিবেশনেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কিন্তু মঙ্গলবারের সম্মেলনে দ্বিতীয় অধিবেশন হয়নি। প্রথম অধিবেশনেই নাম ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ প্রথম আলোকে বলেন, প্রথম অধিবেশনে দলের কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও সাধারণ মানুষ ও কর্মীরা উপস্থিত থাকেন। দ্বিতীয় অধিবেশন না করে তাঁদের সামনে নতুন কমিটির নাম ঘোষণা করা বেমানান মনে হয়েছে। দ্বিতীয় অধিবেশন করে এ ঘোষণা দেওয়া হলে ভালো হতো। ‘নতুন নেতৃত্বের কাছে আমাদের অনেক চাওয়া’—মন্তব্য করে তিনি বলেন, ‘দলের বিভাজন বন্ধ করতে মন্ত্রী খন্দকার মোশাররফকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি আমাদের অভিভাবক, আমরা তাঁর অনুসারী।’
জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মন্ত্রীপক্ষ ও মন্ত্রীবিরোধী পক্ষ এই দুই ধারায় বিভক্ত। ফলে বিগত দিনে দলের কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছিল।
অপরদিকে মঙ্গলবারের সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্যাহ ও তাঁর স্ত্রী আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নিলুফার জাফরউল্যাহর বক্তব্য দেওয়ার কথা থাকলেও সম্মেলনে তাঁরা অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে সম্মেলনস্থলে দেখা যায়নি।
এ প্রসঙ্গে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (জেলার সভাপতি পদপ্রার্থী ছিলেন) কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনের আগের দিন আমি ডেলিগেট কার্ড সংগ্রহ করতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ারের সঙ্গে যোগাযোগ করি। সাহেব সরোয়ার আমার সঙ্গে দুর্ব্যবহারসহ আমাকে অপমান করেন, এমনকি তিনি আমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন। এ জন্য আমরা ওই তিনটি উপজেলার নেতারা সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকি। আর এ কারণেই কাজী জাফরউল্যাহ ও তাঁর স্ত্রী স্ত্রী নিলুফার সম্মেলনে অংশ নেননি।’
‘আমি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করিনি’—দাবি করে এ প্রসঙ্গে সাহেব সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘তিনিই (হেদায়েতউল্লাহ) বরং আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মুঠোফোনে তাঁর সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়েছে। তবে এটা সম্মেলনে না আসার কোনো কারণ হতে পারে না। প্রকৃত ঘটনা হচ্ছে কে হবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক—তা আগে থেকেই নির্ধারিত হয়ে যাওয়ায় তিনি সম্মেলনে না আসার জন্য একটি অজুহাত তৈরি করেছেন।’
‘সদরসহ জেলার পাঁচটি উপজেলার নেতা-কর্মীরা সম্মেলনের সিদ্ধান্তে সন্তুষ্ট নয়’—দাবি করে সাহেব সরোয়ার বলেন, তবে আওয়ামী লীগ চলে তৃণমূলের কর্মীদের অনুপ্রেরণা ও আন্তরিকতায়। তাঁরা (তৃণমূলের কর্মীরা) নেতাদের সিদ্ধান্তের জন্য বসে থাকেন না। নেতা ভুল করলেও তাঁরা তাঁদের কাজ করে যান নির্বিঘ্নে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘১১ বছর পর সম্মেলন হলো। আমাদের কাছে দলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও অনেক প্রত্যাশা। অতীতের সকল ভেদাভেদ ভুলে, দলের মধ্যে কোনো বিভাজন থেকে থাকলে তা নিরসন করে সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনই হবে আমাদের প্রথম কাজ। আমি আশা করি সকলের সহযোগিতা নিয়ে দলকে সর্বমহলের কাছে একটি গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’