বিভ্রান্ত করতে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ভোটের আগে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কেননা, সংবিধানে নিরপেক্ষ সরকার বলে যেমন কিছু নেই, তেমনি নির্বাচনকালীন সরকার বলেও কিছু নেই। জাতিকে বিভ্রান্ত করতে এটা বলা হচ্ছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিএনপি–জামায়াত জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ এ কথা বলেন। ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

গতকাল শুক্রবার ক্ষমতাসীন সরকারের চার বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তিনি ওই নির্বাচনে সব নিবন্ধিত দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন।

মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী আসলে তাঁর বক্তব্যের কথাই বলেছেন। অর্থাৎ এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সেটাই তিনি বলার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, সবার প্রত্যাশা ছিল কীভাবে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলবেন। কিন্তু সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। এতে জাতি হতাশ হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ভাষণে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে উন্নয়নের মেলার কথা। কিন্তু দেশে এখন দুর্নীতির মেলা হচ্ছে। সব প্রকল্পে দুর্নীতি হচ্ছে। এগুলোর কথা বলেননি। তিনি আরও বলেন, এই বক্তব্যে দেশের সত্যিকার চিত্র ফুটে ওঠেনি, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ক্ষোভ-দুঃখ-কষ্ট নিরসন করতে পারেননি।