বিরোধী জোট বাদে জঙ্গি সমস্যার সমাধান হবে না

বিরোধী রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত হওয়ার উপায় নেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে সব দলকে নিয়ে ‘জাতীয় কনভেনশন’ ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ‘জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গিবাদের কথা বলে সরকার বিরোধী দল দমনের চেষ্টা করছে। আজ মিথ্যা কথা বলে, জনগণকে বিভ্রান্ত করে বিরোধী রাজনৈতিক দলকে বাইরে রেখে এই ভয়াবহ সমস্যার সমাধান করা যাবে না।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অনেক হয়েছে। দেশ ধ্বংস করে দিয়েছেন। এখন উগ্রবাদ আর জঙ্গিবাদের নাম করে দেশ যে আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে দেশ যাচ্ছে, তা বন্ধ করতে চেষ্টা করুন। সব রাজনৈতিক দলকে ডেকে কনভেনশনের মাধ্যমে একটি জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন। তা না হলে এই অবস্থা থেকে মুক্ত হওয়ার উপায় নেই।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সিজার তাবেলা হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে প্রস্তাব দিয়েছিলাম, জাতীয় কনভেনশন ডাকা উচিত সরকারের। যাতে সব রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা জঙ্গিবাদকে রুখে দেবে, সমূলে উৎপাটন করবে। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।’ তিনি বলেন, জঙ্গিবাদ দমন নয়, জঙ্গিবাদের কথা বলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়াই সরকারের উদ্দেশ্য। সে জন্য তারা (সরকার) আজ মিথ্যাচার করছে।
শরীফ-ফাহিমকে কেন মারা হলো?
সম্প্রতি গুপ্তহত্যার আসামিদের ক্রসফায়ারে হত্যা করা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শরিফকে অভিজিৎ হত্যার আসামি করে ধরা হয়েছিল। আজকের পত্রিকায় এসেছে, সে শরিফ নয়, মাসুদ রানা। তাকে চার মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। এত দিন আটকে রাখা হয়েছিল। তারপর তাকে হত্যা করা হয়েছে। এর আগে ফাহিমকে হত্যা করা হলো। কেন তাকে রিমান্ডে নিয়ে গুলি করে মারলেন?’
দেশ ঘোর অন্ধকার গহ্বরের চলে যাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজ গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নেই। কথা বলতে পারি না, লেখা যায় না। আজ ঘরের বাইরে গিয়ে সভা করতে পারি না।’
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে, এটা প্রত্যাশা ছিল। দুর্ভাগ্য, সেই রামও নেই, অযোধ্যাও নেই। দুঃখ হয়, লজ্জা হয়, আজ যখন সমগ্র জাতি ফ্যাসিস্ট শক্তির নির্যাতন-নিপীড়নে পদদলিত হচ্ছে, যখন জনগণের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, যখন ছাত্রদের গুলি করে হত্যা, গুম-খুন করা হচ্ছে; তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিলও বের হতে দেখিনি।’
ছাত্ররা কেন উপাচার্যকে কেন ডাকসু নির্বাচন দিতে বাধ্য করছে না?
ফখরুল ইসলাম বলেন, ২২ বছর ডাকসু নির্বাচন হয় না। ছাত্ররা কেন ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করছে না। উপাচার্যকে কেন বাধ্য করছে না নির্বাচন দিতে? কেন বিরোধী দলের ছেলেরা, ভিন্নমতের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না? তিনি ছাত্রদের নিজেদের অধিকার আদায় এবং জাতির বিপদের সময়ে তরুণ-যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক সিরাজুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাহউদ্দিন, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী প্রমুখ।