বিরোধের কারণে দেড় বছরেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ‘হবিগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার কাজ প্রায় দেড় বছরেও শুরু করতে পারেনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। স্থান নির্ধারণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় মাঝপথে এসে থেমে গেছে প্রকল্পের কাজ।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার চান্দপুর টিজি মৌজায় ৫১১ একর খাস জমিতে ২০১৪ সালে ‘হবিগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। বেজার তৎকালীন নির্বাহী চেয়ারম্যান ও সচিব ফখরুল ইসলাম ২০১৫ সালের জানুয়ারি মাসে এ স্থানটি পরিদর্শন করেন। একই বছরের অক্টোবর মাসে জেলা প্রশাসক সাবিনা আলম বেজা চেয়ারম্যানের নামে ৫১১ একর জমির কবুলিয়াতনামা নিবন্ধন করে দেন।
এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি ও হবিগঞ্জের জেলা প্রশাসন প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চা-শ্রমিকসহ স্থানীয় সুধীজনের সঙ্গে কয়েকবার মতবিনিময় সভা করেন। এ সময় এলাকাবাসী নির্ধারিত স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে সম্মতি দেন।
২০১৬ সালের প্রথম দিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সীমানা নির্ধারণের কাজ শুরু হলে এর বিরুদ্ধে আন্দোলনে নামেন চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগম খান চা-বাগানের প্রায় আড়াই শ চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। চা-শ্রমিকদের দাবি ওই জমিতে তাঁরা চাষাবাদ করে আসছেন। জমি হাতছাড়া হলে বেকার হয়ে পড়বেন তাঁরা। এ নিয়ে ভূমি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে নামেন তাঁরা।
অপরদিকে ওই স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে মাঠে নামে এলাকার নানা পেশার মানুষ। তারা ‘অর্থনৈতিক জোন বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করে নির্ধারিত এলাকায় প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করে। এ অবস্থায় এলাকায় পাল্টাপাল্টি সভা, সমাবেশ ও বিক্ষোভ শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন দুই পক্ষের নেতাদের নিয়ে কয়েকবার সভা করে। কিন্তু কোনো সুরাহা হয়নি। এতে বাধার মুখে পড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ।
চা-শ্রমিকনেতা ও ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরাম বাকতি প্রথম আলোকে বলেন, চান্দপুর চা-বাগানের ৪০০ চা-শ্রমিক ও তাঁদের পরিবার ওই জমির ওপর নির্ভরশীল। ওই জমিতে তাঁরা চাষাবাদ করে থাকেন। জমি হাতছাড়া হলে তাঁদের জীবনধারণের আর কোনো পথ থাকবে না।
অর্থনৈতিক জোন বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, এলাকার সব মানুষ চায় প্রস্তাবিত এলাকায় এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠুক। কিন্তু তৃতীয় একটি পক্ষ ওই এলাকার চা-শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছে। যে জমি নিয়ে কথা হচ্ছে প্রকৃতপক্ষে এগুলো পতিত। এখানে চা-শ্রমিক বা চা-বাগান কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, যে চা-শ্রমিকেরা এর বিরোধিতা করে আসছেন, তাঁদের সঙ্গে প্রশাসন অনেকবার কথা বলেছে। তাঁরা এই আন্দোলনের যুক্তিসংগত কারণ দেখাতে পারেননি। পাশাপাশি তাঁদের বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে চাকরিসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে তাঁরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। তারপরও কেন তাঁদের এই বাধা প্রদান বা আন্দোলন প্রশাসনসহ সবার কাছে তা অস্পষ্ট।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতা ও যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য ওই এলাকাটি বেছে নেয় সরকার। এ ছাড়া এ অঞ্চলের চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রকল্পটি বেশ সহায়ক। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের ক্ষেত্রে সবার আগে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তাঁরা এগিয়ে না এলে এর কাজ শুরু করা যাবে না। চা-শ্রমিকদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তাঁদের এখন উচিত নিজেদের স্বার্থে এই কাজে সহযোগিতা করা।