বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল সংবিধান স্বীকৃত সব রাজনৈতিক অধিকার থেকে এখন বঞ্চিত। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। মৌলিক ও মানবাধিকার আগেই ভূলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে।
গতকাল সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বর্তমান শ্বাসরুদ্ধ অবস্থায় রাজনৈতিক কর্মী-নেতারা ছাড়াও দেশের কোনো মানুষই এখন নিজেদের নিরাপদ বোধ করছেন না।
বিএনপির সাবেক সাংসদ ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে (মঞ্জু) গতকাল কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি আরও বলেন, আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়ে নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ অন্য নেতাদের বেলায়ও একই ঘটনা ঘটেছে।
খালেদা জিয়া বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার কোনোভাবেই বিরোধী মতকে সহ্য করছে না। তারা গণতন্ত্রের সব ক্ষেত্রকে সংকুচিত করতে করতে এখন একদলীয় শাসনব্যবস্থার পথেই অগ্রসর হচ্ছে। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে এখন দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
খালেদা জিয়া গণগ্রেপ্তার বন্ধ, আটক বিরোধীদলীয় সব নেতা-কর্মীর মুক্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।