বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা কখনো বিরোধী দলে গেলে দেশের সম্পদ ধ্বংস করব না। সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের ভুলগুলো ধরিয়ে দেব। তাতে দেশ এগিয়ে যাবে।’
গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের পাশে বুড়িখোড়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে সমালোচনা থাকবে, যৌক্তিক বিরোধিতা থাকবে। আমরা সরকারে আছি, অন্য দল আমাদের সমালোচনা করুক। সরকারের কাজের ভুলগুলো ধরিয়ে দিক। কিন্তু ক্ষমতায় থাকতে না পেরে আপনারা হরতাল-অবরোধ ডেকে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন, দেশের সম্পদ ধ্বংস করছেন, মানুষ হত্যা করছেন।
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ছয় বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের কর্মসংস্থান ও আয় বেড়েছে। সেই সঙ্গে দেশের প্রবৃদ্ধি বেড়েছে। সারের সমস্যা নেই, কৃষিতেও বেড়েছে উৎপাদন।
যোগাযোগব্যবস্থার উন্নয়নে গতকাল দুপুরে বুড়িখোড়া নদীর ওপর এলজিইডির অধীনে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭০ মিটার দীর্ঘ ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী।
সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১০-১১ অর্থবছরে। সেতুটি নির্মাণের ফলে ওই এলাকার ২০ সহস্রাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দীন বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।