প্রকৃত দোষীদের খুঁজে বের না করে শুধু বিরোধী দলের ওপর মিথ্যা দোষ দিয়ে সরকার উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
মির্জা ফখরুল বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ১৮ দিনে ৪৮ জন খুন হয়েছেন। এতে এটা প্রমাণিত হয়, গুপ্তহত্যা বেড়েই চলেছে। সরকার শুধু এসব নিয়ন্ত্রণ করতে নয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতেও ব্যর্থ হচ্ছে। মন্ত্রীরা শুধু বিরোধী দলকে দোষারোপ করে কথা বলছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
‘বিএনপি কোনো রাজনৈতিক দলই না’—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল।
বাজেটের প্রতিক্রিয়া: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ ও ‘গতানুগতিক’ দাবি করে মির্জা ফখরুল বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এতে মাথাপিছু করের বোঝা বাড়বে। ২০১৬-১৭ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করে বিএনপি। তিনি বলেন, অর্থমন্ত্রীর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। রাজস্ব আদায়ে ঘাটতি হবে।
বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘকাল ধরে বাজেটে অনুন্নয়ন ব্যয়ে প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয়। বাজেটে অনুন্নয়ন ব্যয়ের বৃত্ত সংকুচিত করতে হবে। এটি করা সম্ভব হলে অধিক হারে জনকল্যাণ নিশ্চিত হবে। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করে ব্যক্তি খাতকেই এগিয়ে আসার সুযোগ দিতে হবে। মনে রাখতে হবে, সরকারি বিনিয়োগ প্রায়ই অদক্ষতার দোষে দুষ্ট হয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।