বিরোধী দলের নেতা কর্মীদের দমনে এ অভিযান: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবিরোধী অভিযানে গত রোববার পর্যন্ত বিএনপির দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
রিজভী বলেন, সরকার নিজেদের ‘অবৈধ সত্তা’ লুকানোর জন্য সারা দেশে ধরপাকড় শুরু করেছে। তারা এখন পর্যন্ত কোনো জঙ্গিকে চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারা দেশে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। জঙ্গিদের আটক ও জঙ্গিবাদের আস্তানা ধ্বংস করার পরিবর্তে সরকার সাধারণ মানুষকে পুলিশি নির্যাতনের দিকে ঠেলে দিয়েছে।
জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে রিজভী আরও বলেন, আসলে ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ করতে নয়, চলমান অভিযান গণতন্ত্রকামী বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করার অভিযান। সারা দেশে এখন পর্যন্ত প্রায় সাত হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ মাত্র ৮৫ জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।