বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেপ্তার না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘গোলযোগপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। পাশাপাশি বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের যাতে নির্বিচারে গ্রেপ্তার করা না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফান ডুজারিচ ২২ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। জাতিসংঘ ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ ব্রিফিং সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় জাতিসংঘ সদর দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ২২ জানুয়ারির নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার অবস্থান তুলে ধরা হয়েছে। এর বাইরে জাতিসংঘের নতুন কোনো বক্তব্য নেই।
২২ জানুয়ারির ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের আহ্বানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তরের উদ্বেগ ও শান্ত থাকার আহ্বানের প্রতি আমাদের অভিন্ন অবস্থান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুরুত্বপূর্ণ একজন নেতাকেও যাতে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার ও আটক করা না হয়, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া পদক্ষেপগুলো যাতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটিও খেয়াল রাখতে হবে।’
বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের ক্ষেত্রে এটি প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রে আদর্শ মানবাধিকার যাচাইয়ের নীতি প্রযোজ্য।’
সরকারের প্রতিবাদ: চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের মুখপাত্রের দেওয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ১৬ জানুয়ারি দেওয়া বিবৃতিতে চলমান সহিংসতা থামাতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছিল। ওই বিবৃতি প্রচারের কয়েক দিন পর জেনেভায় বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি জাতিসংঘ মানবাধিকার কমিশনারের দপ্তরে পাঠানো হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে পাঠানো বিবৃতিতে বাংলাদেশের সহিংসতা নিয়ে সংস্থার দেওয়া বিবৃতির প্রতিবাদ জানানো হয়। জেনেভায় জাতিসংঘ স্থায়ী মিশনে পাঠানো চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতা সত্ত্বেও সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া অব্যাহত রাখবে।