বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কোনো কারণ ছাড়াই বিশেষ অভিযানের নামে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। নেতা-কর্মীদের না পেলে তাঁদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, হাওর এলাকায় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই বিএনপির নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীকে ‘লেলিয়ে’ দেওয়া হয়েছে।
রিজভী দাবি করেন, গত রোববার টঙ্গী এলাকায় ২০-দলীয় জোটের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়, ১৫টি ওয়ার্ডে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাসায় তল্লাশির নামে হামলা চালানো হয়। গত দুই দিনে জামালপুরে বিশেষ অভিযানের নামে ১৮৯ জন বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীকে আটক করা হয়।
কর্মিসভা করতে ৫১ দল
গতকালের সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলায় কর্মিসভা করা হবে। এ কারণে ৫১টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলের একজন করে দলনেতা আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির ৬ জন সদস্য, ১৯ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, ৬ জন যুগ্ম মহাসচিব, ৫ জন সাংগঠনিক সম্পাদক, ২ জন কেন্দ্রীয় সম্পাদক ও ১ জন জেলা সভাপতি এক একটি দলের নেতৃত্বে থাকবেন।