বিরোধীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হাত দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার এখন বিরোধীদলীয় রাজনীতিকদের দমনে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হাত দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ঢাকা ব্যাংকের পরিচালক পদে মির্জা আব্বাসের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, ‘বিরোধী দলের নেতারা যেসব ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত, সেখানে সরকার হাত দিয়েছে। এটা অব্যাহত থাকলে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।
বিএনপির মুখপাত্র বলেন, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। বাংলাদেশ ব্যাংক বলেছে, তিনি পল্টন থানার একটি মামলার পলাতক আসামি। বিষয়টি একেবারেই অসত্য। মির্জা আব্বাস পল্টন থানার কোনো মামলায় পলাতক নন। শুধু বিরোধীদলীয় রাজনীতি করার কারণে তাঁর পরিচালক পদটি বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়নি। এটি করে কেন্দ্রীয় ব্যাংক একটি বাজে নজির তৈরি করল। তিনি এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে আর্থিক খাতের তদারকি ও শৃঙ্খলা রক্ষা করা। গত ছয় বছরে তারা এ কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময়ে দলীয় লোকদের পরিচালক পদে বসিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়েছে। আর্থিক খাতের এ নৈরাজ্যের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক উদ্দেশে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের পরিচালক পদ বাতিল করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।