বিলবোর্ডে বিএনপি নেতাদের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কোম্পানির বিলবোর্ডের ওপর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাঁদের ব্যানার টানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণফোন, রবি, সোয়ান ফোম, মেটাডোর, বলপেন, বিএসআরএমসহ ১৫টি কোম্পানির বিলবোর্ডের ওপর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা নিজেদের এবং চেয়ারপারসন খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ ব্যানার টানিয়েছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর কাঁচপুর বালুর মাঠে ২০-দলীয় জোটের সভায় খালেদা জিয়ার আগমন উপলক্ষে এসব ব্যানার টানানো হয়। ইতিমধ্যে কোম্পানিগুলোর অনুরোধে কয়েকটি ব্যানার নামিয়ে ফেলা হলেও অধিকাংশ ব্যানার এখনো নামানো হয়নি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সভা উপলক্ষে আমরা এসব ব্যানার টানিয়েছিলাম। এখন নামিয়ে ফেলব।’