বিলুপ্ত কমিটির কবজায় রংপুর জাপার কার্যালয়
রংপুরে সম্প্রতি নতুন কমিটি ঘোষণার পরও জাতীয় পার্টির (জাপা-এরশাদ) দলীয় কার্যালয় বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণেই রয়েছে। নতুন কমিটির কার্যক্রম চলেছ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের পৈতৃক নিবাস সেনপাড়ার ‘লাঙল’ ভবন থেকে।
দুই কমিটিই চালাচ্ছে সমানতালে কর্মকাণ্ড। এতে দ্বিধায় আছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এ অবস্থায় আগামী ২ অক্টোবর রংপুরে এরশাদের আগমনের দিকে তাকিয়ে আছেন তাঁরা।
এরশাদের অনুসারী নতুন জেলা ও মহানগর কমিটির নেতারা বিভিন্ন ওয়ার্ডে কর্মিসভা ও জনসংযোগে ব্যস্ত আছেন। গত ১০ দিনের ব্যবধানে ৩৩টি ওয়ার্ডের ২২টিতে এ রকম সভা ও গণসংযোগ করেছেন তাঁরা। দলীয় কার্যালয় নিয়ন্ত্রণকারী বিলুপ্ত কমিটির পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়নি। বিলুপ্ত কমিটির নেতারাও থেমে নেই কর্মিসভা করা থেকে। জেলা ও মহানগর কার্যালয়ে তাঁরা নিয়মিত করে যাচ্ছেন এমন সভা।
জেলা জাপার এ দশা নিয়ে জানতে চাইলে নতুন জেলা কমিটির সদস্যসচিব, সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয় কতজনই বা চেনেন। মানুষ চেনেন এরশাদের বাড়ি। এ বাড়ি ‘লাঙল’ ভবন থেকে বর্তমানে নতুন কমিটির দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দলীয় চেয়ারম্যান রংপুরে আসছেন। তাঁর আগমনের দিকে রংপুরবাসী তাকিয়ে আছে।’
একই প্রসঙ্গে জাপার নতুন মহানগর কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না। স্যার (এরশাদ) দলকে সুসংগঠিত করতে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা প্রতিদিনই গণসংযোগ করে চলেছি।’
কমিটি বাতিলের পর ১২ দিন ধরে শহরের সেন্ট্রাল রোডের জেলা ও মহানগর কার্যালয় নিয়ন্ত্রণে রেখেছেন বিলুপ্ত কমিটির নেতারা। এ কার্যালয়ে এখন সব সময় এই কমিটির নেতা-কর্মীরা উপস্থিত থাকছেন। তাঁদের পক্ষে এখানে জড়ো হচ্ছেন কর্মী-সমর্থকেরা। প্রতিদিন হচ্ছে কর্মিসভা।
এ পক্ষের দাবি, দলের সভাপতিমণ্ডলী পদে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং সেই সঙ্গে তাদের কমিটি পুনর্বহাল করতে হবে। বিলুপ্ত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম জানান, দলীয় চেয়ারম্যান এরশাদের উপস্থিতিতে রংপুর টাউন হলে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। অনিয়মতান্ত্রিকভাবে এ কমিটি বাতিল করা তাঁরা মানেন না।
দোটানায় নেতা-কর্মীরা: নতুন ও বিলুপ্ত—এ দুই কমিটিরই সমান্তরালভাবে চলা কার্যক্রমে এ মুহূর্তে কমিটির প্রতি আনুগত্যে প্রশ্নে এখন দোটানায় রয়েছেন মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। কেননা, এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এবারের মতোই বিদ্যমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছিল। সে সময় নতুন কমিটির সঙ্গে বিলুপ্ত কমিটির কর্মীদের সংঘর্ষ হয়। নয় দিনের মধ্যে ২৪ ডিসেম্বর নতুন কমিটি বিলুপ্ত করে ফের পুরোনো কমিটিই বহাল করেন এরশাদ।
মাঠপর্যায়ের কয়েকজন নেতা-কর্মী জানান, এরশাদ যেদিকে থাকবেন, তাঁরাও সেদিকে থাকবেন। এ কে এম ফারুক নামের এমনই এক কর্মী বলেন, ‘এরশাদের বিপক্ষে অবস্থান নিয়ে কারও লাভ হবে না। তাই সময়ই সবকিছু বলে দেবে।’
এ বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়ে আরেক কর্মী আবেদুল ইসলাম বলেন, ‘এরশাদের দোটানায় দলের অবস্থা আর আগের মতো নেই।’
চলতি হালের প্রেক্ষাপট: ১০ সেপ্টেম্বর এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক পত্রে জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয় মসিউর রহমান রাঙ্গাকে। জেলা ও মহানগর—এ দুই কমিটিরই সভাপতি ছিলেন তিনি।