এইচ এম এরশাদের জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হলেও বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের নিয়ন্ত্রণেই রয়েছে দলের জেলা কার্যালয়। নতুন কমিটির নেতারা বলছেন, দলীয় কার্যালয় নিয়ে তাঁরা সংঘাতে যেতে চান না। আজ শনিবার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।
১০ সেপ্টেম্বর দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের গণমাধ্যমবিষয়ক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত পত্রে জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই দুই কমিটির সভাপতি ছিলেন।
এ ঘটনার পর থেকে রংপুরের জাতীয় পার্টির কার্যালয় মসিউর রহমান-সমর্থক নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে রেখেছেন। সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে ১২ সেপ্টেম্বর এক সমাবেশে সদ্য বিলুপ্ত মহানগর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বলেছেন, পূর্বের কমিটি পুনর্বহাল না করা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা সরবেন না।
মাঠপর্যায়ের একজন কর্মী হোসেন আলী বলেন, ‘এখন যে অবস্থা দেখতাছি এইভাবে কোনো পার্টি চলতে পারে না। এই দলটা শেষ হওয়ার আর বাকি নাই।’
নতুন জেলা কমিটির সদস্যসচিব, সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, ‘আমরা সংঘাতে বিশ্বাস করি না। এবার আমরা মনে করি নতুন কমিটিই জাতীয় পার্টিকে পরিচালনা করবে। এখন শুধু সময়ের ব্যাপার।’