মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ছয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন করেন।
কমিটির সদস্যরা হলেন সভাপতি কাজী রাজু আহম্মেদ, সহসভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সিফাত কোরায়শী ও তানভীর ফয়সাল। এ ছাড়া মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা ও জেলা ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইরাদ কোরায়শীকে কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য করা হয়েছে। তবে এ কমিটিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক স্থান পাননি।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর সভাপতি পদে সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এনামুল হকের নাম ঘোষণা করা হয়। ওই বছরের ২৩ জুলাই ১৫৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৫ সালের ২৫ জুলাই চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কার চেয়ে স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন। এ কারণে ওই বছরের ৫ নভেম্বর জেলা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার খবরে কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতা ও তাঁদের অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরে আনন্দ মিছিল করতে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠের পাশে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা অবস্থান নেন। মাঠের অপর পাশে ইরাদ কোরায়শী ও সিফাত কোরায়শী এবং তাঁদের অনুসারী নেতা-কর্মীরা অবস্থান নেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে তাপস সাহা ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ গিয়ে বাধা দিলে পরে তাঁরা চলে যান।
এনামুল হক বলেন, কমিটিতে যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি বিবাহিত।
ইরাদ কোরায়শী এই কমিটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তাপস সাহা বলেন, এ কমিটিতে সাংগঠনিক ও যোগ্য নেতৃত্ব স্থান পায়নি। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বলেন, কমিটিতে সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তা ছাড়া পদবঞ্চিত ব্যক্তিরা প্রায় সময়েই কমিটির বিপক্ষে বলেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হবে।