বিলুপ্ত ঘোষণার ৩ দিন পর কমিটি পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ঘোষণার তিন দিন পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত করার বিষয়টি জানানো হয়েছিল।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী বলেন, এক বছর আগে জহির উদ্দিন বাবরকে সভাপতি ও আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করে রামগতি উপজেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাঁদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হন। অন্যদিকে, তাঁরা দলীয় গঠনতন্ত্র অমান্য করে অছাত্রদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন শাখার কমিটি গঠন করেন এবং বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি নষ্ট করেন। এ কারণে জেলা ছাত্রলীগের জরুরি সভা ডেকে মঙ্গলবার রাতে রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে দলীয় স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করে জেলা ছাত্রলীগের জরুরি সভায় শুক্রবার রাতে শর্ত সাপেক্ষে ওই কমিটি পুনর্বহাল করা হয়। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন ও দুই মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সম্মেলন করবেন।