বিলুপ্ত ছিটের বাসিন্দারা প্রথম ভোট দেবেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ছিলেন বাংলাদেশের অভ্যন্তরের ভারতীয় ছিটমহলের বাসিন্দা। ফলে তাঁরা মৌলিক অধিকারবঞ্চিত ছিলেন। চলতি বছরের মাঝামাঝি ছিটমহল বিনিময় হলে তাঁরা বাংলাদেশের নাগরিক হন। লাভ করেন ভোটাধিকার। আগামীকাল সোমবার তাঁদের অনেকেই জীবনের প্রথম ভোট দেবেন।

বিলুপ্ত ছিটমহলের ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল ভোট। প্রথম ভোট বলে পঞ্চগড়ের আটটি, লালমনিরহাটের আটটি ও কুড়িগ্রামের ছয়টি ইউনিয়নে বিরাজ করছে উৎসবের আমেজ।

চলতি বছরের শুরুর দিকে এসব ইউপিতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সীমানা নিয়ে জটিলতা থাকায় পরে তা স্থগিত করা হয়।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুড়িগ্রাম: জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামীকাল ভূরুঙ্গামারী উপজেলা সদর, পাথরডুবি ও শিলখুড়ি, ফুলবাড়ী সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউপিতে ভোট নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীর সমর্থনে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে গান, জারি সারি ও দোয়া প্রার্থনা করে ভোট চাওয়া যাচ্ছে। পোস্টারে ছেয়ে গেছে চারদিক। দলবেঁধে নারীরা প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।

পাথরডুবি ইউনিয়নের অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহল বড় ও ছোট গাওচুলকা। বড় গাওচুলকার নুরুল হক বলেন, ‘৬৮ বছরেও ভোট দিবার পাই নাই। এবার সেই সুযোগ পাইছি। আনন্দে বুক ফাটি যায়। ছিটের প্রত্যেকটা মানুষ খুশি।’ আমেনা বেগম বলেন, ‘আগোত ছিটের মানুষ বলি নাক সিঁটকাইছে। ভোটের সময় বালার মানুষ আনন্দ করে। হামরা চায়া থাকি। এ্যালা তামরাই হামার কাছে ভোট চাবার আইসে। খুব ভালো নাবার নাগছে।’

পঞ্চগড়: জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার হাফিজাগঞ্জ ও হাঁড়িভাসা; বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘি, মাড়েয়া, বড়শশী ও ভাউলাগঞ্জ এবং দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপ্রিগঞ্জ ইউপিতে ভোট নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, বিলুপ্ত ছিটমহলসহ গোটা ইউনিয়নে গণসংযোগ করছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকা পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। নানা স্লোগানসহ চলছে মাইকে প্রচারণা। দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির পূর্ব বাগান গ্রামের রহিম উদ্দিন বলেন, ‘জীবনে প্রথম ভোট দেখেশুনেই দিম।’

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের তালিকা চূড়ান্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে।

লালমনিরহাট: জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার কুলাঘাট, হাতীবান্ধার গোতামারী ও পাটগ্রামের ছয়টি ইউনিয়নে ভোট হবে। পাটগ্রামের ইউপিগুলো হলো পাটগ্রাম সদর, বুড়িমারী, শ্রীরামপুর, জগতবেড়, জোংড়া ও কুচলিবাড়ি।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, গোতামারী ও কুলাঘাট ইউনিয়নে নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ। গ্রামের হাটে-মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও সমর্থকেরা।

লালমনিরহাটের হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের মনছের আলী (৮৪) এবং সদর উপজেলার কুলাঘাটের আমেনা বেগম (৬৫) এই প্রথম ভোট দেবেন। তাঁরা বলেন, ‘শেষ জীবনে প্রথম ভোট দিম, দেখেশুনেই দিম।’

পাটগ্রাম (লালমনিরহাট): বিলুপ্ত ৫৫টি ছিটমহলযুক্ত উপজেলার ৬ ইউনিয়নে ২০০ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

জগতবেড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রমজান মিয়া বলেন, ‘ভোট আসলে কতজন যে কাছোত আইসে ভোট চাবার জন্য। কাহো থাকে গ্রামোত, কাহো বন্দরোত। যায় হামারলার খবরাখবর আখিবে সেই প্রার্থীকে নির্বাচিত করতে চাই।’