ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালট পেপার ছিনতাইসহ নানা কারণে স্থগিত হওয়া ত্রিশাল, গফরগাঁও ও ফুলবাড়িয়া উপজেলার তিনটি ইউপির সাতটি এবং শেরপুর ও জামালপুরের নয়টি ইউপির ১৩ টি কেন্দ্রে কাল ভোট নেওয়া হবে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ভালুকা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে শেষ ধাপে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কাল মোট ১৩টি কেন্দ্রে ওই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে তোফায়েল আহমেদ, বিএনপি থেকে মো. খলিলুর রহমান নির্বাচন করছেন। ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটিয়া ইউপির চেয়ারম্যান শহীদুজ্জামান আকন্দের মৃত্যুজনিত কারণে কাল উপনির্বাচন হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন সহিংসতার কারণে ত্রিশালের বালিপাড়া ইউপির বিয়ারাপাটুলি রহমত উচ্চবিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কানিহারী ইউনিয়নের থাপনহলা কেন্দ্রে ভোট স্থগিত হয়। একই দিন গফরগাঁওয়ের সালটিয়া ইউপির পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও নিগুয়ারি ইউপির পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়। এসব কেন্দ্রে কাল ভোট নেওয়া হবে। গত ৭ মে অনুষ্ঠিত ফুলবাড়িয়ার কুশমাইল ইউপির নিগো কুশমাইল কেন্দ্র ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জালিয়াতির অভিযোগে ভোট স্থগিত হয়।
শেরপুর: কাল সদর উপজেলার কামারেরচর ইউপির ৭ নম্বর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলা ইউপির পাঞ্জরভাঙ্গা পূর্বপাড়া, নালিতাবাড়ীর কলসপাড় ইউপির সূর্যনগর, পাঁচগাঁও ও ঘোঘরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপির ভাটিলঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, উত্তর লঙ্গরপাড়া দারুস সুন্নত দাখিল মাদ্রাসা কেন্দ্র ও লঙ্গরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র, গোসাইপুর ইউপির ধাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউপির হাতিবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
সরিষাবাড়ী (জামালপুর): নানা কারণে স্থগিত হওয়া উপজেলার সাতপোয়া ইউপির শিশুয়া বাঘমারা এবং ভাটারা ইউপির ফুলবাড়িয়া ও মহাদানের সানাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাল ভোট গ্রহণ করা হবে।