বিশৃঙ্খলাকারীরা ইনফ্লুয়েঞ্জার মতো: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশৃঙ্খলাকারীদের পোলট্রিশিল্পে আঘাত হানা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা রোগের সঙ্গে তুলনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ইনফ্লুয়েঞ্জার মতো নৈরাজ্য সৃষ্টিকারীরাও কিছু দিন পর থাকবে না।

আজ বৃহস্পতিবার নবম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।

মতিয়া চৌধুরী দাবি করেন, ‘যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা যেভাবে যা চেয়েছিল, সেভাবে তা পারেনি। পারবেও না।’ তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীরা হচ্ছে সভ্যতার প্লেগ রোগের মতো। এটা অনেকটা পোলট্রিশিল্পে ২০০৭ সালে আঘাত হানা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা রোগের মতো। ইনফ্লুয়েঞ্জা যেমন ক্ষণস্থায়ী, তেমনি নৈরাজ্য সৃষ্টিকারীরাও কিছু দিন পর থাকবে না।’

কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। তার প্রভাব পোলট্রিশিল্পের ওপরও পড়ছে। সরকার বাস্তব ঘটনাকে এড়িয়ে কোনো কাজ করবে না। একটি সভ্য দেশে সভ্য সরকার যেভাবে দেশ চালায়, আওয়ামী লীগ সেভাবেই দেশ চালাচ্ছে। সরকার যা করবে, তা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে জনগণকে সঙ্গে নিয়ে করবে।

বিশ্ব পোলট্রিবিজ্ঞান সমিতি-বাংলাদেশ শাখা আয়োজিত এই মেলায় দেশের ২০৪টি ও বিদেশি ৯৩টি পোলট্রিশিল্পভিত্তিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমান আশা করেন, পোলট্রি খাত দেশের চাহিদা মিটিয়ে এক সময় বিদেশে রপ্তানি করবে। বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে পোলট্রি খাত ভূমিকা রাখবে বলেও মন্তব্য তাঁর।

বাংলাদেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে পোলট্রি খাতের প্রশংসা করেন বিশ্ব পোলট্রিবিজ্ঞান সমিতির সভাপতি আর এন সিলভা।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ব পোলট্রিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক আর ডব্লিউ এ ডব্লিউ মুল্ডার, বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়।