বিশৃঙ্খলার তিন কারণ, দায় নিচ্ছেন না কেউ

>
- চট্টগ্রামে ছাত্রলীগের সম্মেলন পণ্ড।
- ‘বহিরাগতদের’ ওপর দায় চাপাচ্ছেন নেতারা।
- দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
- তদন্ত করবে কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগের সাবেক এক নেতার অনুসারীদের বেপরোয়া মনোভাব, বহিরাগতদের প্রবেশ এবং কমিটি গঠন নিয়ে গুজব—এই তিন কারণে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। বিশৃঙ্খল পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে এই তিনটি কারণ চিহ্নিত করলেও এর দায় কেউ নিতে চাইছেন না। সংগঠনের কোনো কোনো নেতা একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন।
গত মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের উপস্থিতিতে পণ্ড হয়ে যায় উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে নেতা-কর্মীদের কাছে হাতজোড় করে শান্ত হতে অনুরোধ করেন মন্ত্রী। কিন্তু মন্ত্রীর অনুরোধের সময়ই সম্মেলনস্থলে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, মিরসরাই উপজেলার এক নেতাকে সভাপতি এবং সন্দ্বীপ উপজেলার আরেক নেতাকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি হচ্ছে—এমন গুজব সোমবার রাত থেকেই ছিল। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের বাড়ি মিরসরাইয়ের তাঁর ঘনিষ্ঠ একজন সভাপতির পদ পাচ্ছেন। এমন গুজব ছড়িয়ে পড়ায় চার-পাঁচটি উপজেলার নেতা-কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার অনুষ্ঠান শুরু হওয়ার পর রাউজান উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বেপরোয়া আচরণ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম শহরের সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। তাঁরা সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাউজানের বাসিন্দা মাহফুজুল হায়দার চৌধুরীর (রোটন) নামে স্লোগান দিতে থাকেন। বিশৃঙ্খলার জন্য তাঁর অনুসারীদের দায়ী করেছে ছাত্রলীগের একটি পক্ষ।
অবশ্য সিটি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, সম্মেলনে সিটি কলেজ এবং মাহফুজুল হায়দার চৌধুরীর পক্ষে স্লোগান দেওয়া হয়েছে সত্য। কিন্তু যাঁরা স্লোগান দিয়েছেন তাঁরা কেউ সিটি কলেজের ছাত্র নয়। তাঁরা কোত্থেকে এসেছেন তা রহস্যজনক।
বিশৃঙ্খলার সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, আট বছর পরে সম্মেলন হওয়ায় পদপ্রত্যাশী অনেকের বয়স পার হয়ে গেছে। তাঁদের মধ্যে ক্ষোভ ছিল।