বিশেষ গোষ্ঠীর সমর্থন চলে গেলে সরকারের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। যেদিন ওই গোষ্ঠীর সমর্থন চলে যাবে, সেদিন সরকারের পতন হবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি সব বিভেদ ভুলে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি। জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান, জাসাসের কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক প্রমুখ।
আন্দোলন কখনো ব্যর্থ হয় না: এর আগে পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ লেবার পার্টির এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় না। তিনি বলেন, ‘৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে হারিয়েছি। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলছে। এ আন্দোলন জনসম্পৃক্ত হওয়ায় আগামী দিনে তা অবশ্যই সফল হবে।’ লেবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
জিয়ার কবরে শ্রদ্ধা: জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, নেতা-কর্মীদের যাঁরা কর্মে নিষ্ক্রিয়, কিন্তু নেতার কাছে ধরনা দেওয়ার ক্ষেত্রে সক্রিয়; তাঁদের বাদ দেওয়া যাবে না। তাঁরাও দলের আশপাশে থাকবেন।