বিশেষ বর্ধিত সভা নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ মঙ্গলবার। তবে এই সভা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জেলা কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করেছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই সভার কার্যক্রম চলবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, এবারের বর্ধিত সভা অন্যান্য দিনের চেয়ে ভিন্ন হবে। বর্ধিত সভা নিয়ে জেলা আওয়ামী লীগে উত্তেজনা বিরাজ করছে। কারণ দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বর্তমান কমিটি নিয়ে সন্তুষ্ট নন। বর্তমান কমিটির বিরুদ্ধে এসব নেতা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে দলের জেলা শাখার সাবেক সহসভাপতি শফিকুল আলম জয়ী হন। ১৫ জানুয়ারি শফিকুল আলমের জেলা পরিষদে শুভাগমন উপলক্ষে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াসিন, উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল হক দলের নেতা-কর্মীদের কঠোরভাবে সমালোচনা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিকে পকেট কমিটি বলে মন্তব্য করা হয়। ঢাকা ও বিদেশে থাকেন, ব্যাংকে চাকরি করেন এমন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে তাঁরা অভিযোগ তোলেন। ২০১৫ সালের মে মাসে ওই কমিটি গঠন করা হয়েছিল।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, বর্ধিত সভা নিয়ে কোথাও কোনো ধরনের উত্তেজনা নেই। দলের মধ্যে কোনো বিভক্তিও নেই। দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। পাওয়া না-পাওয়ার ক্ষোভ থাকতে পারে।
এ বিষয়ে আওয়ামী লীগের নেতা তাজ মো. ইয়াসিন বলেন, ‘বর্তমান কমিটি নিয়ে আমাদের আপত্তি কেন্দ্রীয় কমিটির কাছে জানিয়েছি।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। ঢাকা ও বিদেশে থাকেন, ব্যাংকে চাকরি করেন এমন ব্যক্তিরাও কমিটিতে আছেন। পৌরসভা নির্বাচনের জন্য তিনি চুপ ছিলেন বলে জানান। তবে দলের মধ্যে কোনো বিভক্তি নেই।