বিশ্ব জনমতের চাপে রোহিঙ্গাদের পাশে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ছবি: প্রথম আলো
বুধবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ছবি: প্রথম আলো

রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী সমস্যার পথে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। বিশ্ব জনমতের চাপে তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। মিয়ানমারের মন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যৌথ ওয়ার্কিং কমিটির কথা বলেছেন। এটা একধরনের আইওয়াশ।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঈন খান এসব কথা বলেন।

মঈন খান বলেন, ১৯৯২ সালে খালেদা জিয়ার সরকার যখন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, তখন বর্তমান সরকারদলীয় নেতারা বিরোধিতা করেছিলেন। এখনো শেখ হাসিনার দল শুরুর দিকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছিল। যে সময় বিশ্বজুড়ে রোহিঙ্গাদের পক্ষে মানবিক জনমত সৃষ্টি হয়, তখন হঠাৎ আওয়ামী লীগও তার রূপ পরিবর্তন করে মানবিক দৃষ্টি দেখাতে শুরু করল। এতেই বোঝা যায়, রোহিঙ্গাদের সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। বিশ্ব জনমতের চাপে তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

মঈন খান বলেন, মিয়ানমারে যদি রোহিঙ্গাদের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে দেওয়া না হয়; তাহলে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নেবে। আর এতে চরম মূল্য দিতে হবে বাংলাদেশের মানুষকে। দেশের মানুষ সাহায্য নিয়ে এগিয়ে না এলে রোহিঙ্গা সমস্যা কাটিয়ে উঠতে পারত না বর্তমান সরকার। রোহিঙ্গাদের পাশে বিএনপি বিগত দিনেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা প্রমুখ।

গতকাল মঙ্গলবার মঈন খান উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করে দলীয় উদ্যোগে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।