বিশ্ব বেয়াদব কী বলল তাতে কিছু আসে যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী নেতা। কোনো বিশ্ব বেয়াদব লন্ডনে বসে কী বলল তাতে কিচ্ছু আসে যায় না। ওই বিশ্ব বেয়াদব আবোল-তাবোল কথা বলে দেশের মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। বিএনপিকেও ডুবিয়েছে।’
গতকাল শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, গত ৫ জানুয়ারিতে নির্বাচন না হলে দেশে এখন মার্শাল ল থাকত। নির্বাচন হয়েছে, দেশ-বিদেশের স্বীকৃতিও মিলেছে। ২০১৯ সালের এক দিন আগেও আর কোনো নির্বাচন হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে সরকারকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির আন্দোলনের কোনো লোক নেই।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জিয়া কুখ্যাত রাজাকারদের পুনর্বাসন করেছেন। তিনি মুক্তিযুদ্ধ নয়, পাকিস্তানি এজেন্ট হিসেবে কাজ করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদসহ দলের কেন্দ্রীয় নেতারা।
গতকাল দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় সমঝোতার ভিত্তিতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে আবার জেলা কমিটির সভাপতি, পুরোনো সহসভাপতি রেজাউর রহিমকে আবার সহসভাপতি এবং সাংসদ গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।